২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন ভালো না হওয়ার সুযোগ নেই: সিইসি

"আপনারা মতামত তৈরি করার কারিগর। আমরা সে সুযোগটা নিতে চাই,” সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে বলেন নাসির উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2025, 05:38 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 'ভালো না হওয়ার' কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

সোমবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এমন অভিমত তুলে ধরেন। 

সিইসি বলেন, "এই নির্বাচনটা কিন্তু দেশের ভবিষ্যত নির্ধারণ করে দেবে। নির্বাচন ভালো না হওয়ার কোনো সুযোগ জাতি হিসেবে আমাদের কাছে নেই। সুতরাং, সবাই মিলে নির্বাচনটা করতে হবে। এটা একটা জাতীয় নির্বাচন এবং জাতীয়ভাবেই আমরা করতে চাই। নির্বাচন কমিশনের একার পক্ষে এককভাবে সামাল দেওয়া সম্ভব হবে না।

ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সে হিসাবে তফসিল হতে পারে ডিসেম্বরের প্রথমার্ধে। তার আগে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছে কমিশন। 

গত ২৮ সেপ্টেম্বর নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ‘সংলাপ পর্ব’ শুরু করে ইসি। 

এ ধারাবাহিকতায় পূজার ছুটির পর বসল সংবাদমাধ্যমের সঙ্গে। মঙ্গলবার সংলাপ হবে নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে। চলতি মাসে নিবন্ধিত দলগুলোর সঙ্গেও বসার কথা রয়েছে ইসির। 

সোমবারের সংলাপে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ করে সিইসি বলেন, "আপনারা মানুষের মতামত তৈরি করার কারিগর। আমরা সেই সুযোগটা নিতে চাই। এই নির্বাচন অবাধ-নিরপেক্ষ করতে একসঙ্গে এগিয়ে যেতে চাই।"

একাধিকবার ভোটার তালিকা হালনাগাদ করার কথা জানিয়ে সিইসি বলেন, "এটা করতে গিয়ে ভোটারদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে। এটার খুব দরকার ছিল।"

পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী এবং নির্বাচন কর্মকর্তা ও নিজ উপজেলার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তাদের ভোট দেওয়ার বিষয়েও কথা বলেন সিইসি।

তিনি বলেন, পোস্টার ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ এতদিন আইনে থাকলেও তার নেতৃত্বাধীন কমিশন তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

নির্বাচনের কমিশনের সব উদ্যোগে সাংবাদিকদের পাশে চেয়ে সিইসি বলেন, "আপনারা আমাদের সহযোদ্ধা। আপনারা আমাদের উদ্যোগগুলো প্রচার করবেন। মানুষকে সচেতন করবেন। 

“আমরা চাই, একদম উৎসবের আবহে নির্বাচনটা হোক। ভোটাররা যেন ভোটকেন্দ্রে যান, সেজন্য আপনারা আমাদের সাহায্য করবেন।” 

এ ধরনের আলোচনা এখানেই শেষ না জানিয়ে নাসির উদ্দিন বলেন, "আজকের পরেও আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, আমাদের জানাবেন। আপনাদের জন্য আমাদের দরজা সব সময় খোলা।"

সংলাপে চার নির্বাচন কমিশনার—আবুল ফজল মো. সানাউল্লাহ, বেগম তাহমিদা আহমদ, আব্দুর রহমানেল মাছউদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন।

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, ফিনানশিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, সংগ্রামের সম্পাদক আযম মীর শহীদুল আহসান, নয়া দিগন্তের সম্পাদক মাসুমুর রহৃান খলিলী, খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল, আজকের পত্রিকার সম্পাদক কামরুল ইসলাম, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ, বাংলাবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক রাশেদুল হক ও খবর সংযোগের ব্যবস্থাপনা সম্পাদক শেখ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

বাংলানিউজ টোয়েন্টিফোরের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আবু তাহের, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, ইউএনবির সম্পাদক মাহফুজুর রহমান, বাংলাদেশ বেতারের পরিচালক মো. বশির উদ্দিন, সারাবাংলাডট নেটের হেড অব নিউজ গোলাম সামদানী, দ্য ডেইলি স্টারের হেড অব নিউজ জিয়াউল হকও সংলাপে উপস্থিত ছিলেন। 

উপস্থিত ছিলেন যায়যায়দিনের যুগ্ম সম্পাদক মো. মাহমুদুজ্জামান, দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির  (আরএফইডি) সভাপতি কাজী এমাদ উদ্দিন জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীও।