১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪ মহাসড়ক ও ৮ সেতুর নাম পরিবর্তন

বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও তাদের পরিবারের সদস্যদের নামে ছিল এসব স্থাপনা

৪ মহাসড়ক ও ৮ সেতুর নাম পরিবর্তন
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2025, 05:23 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় থাকা চার মহাসড়ক ও আট সেতুর নাম পরিবর্তন করেছে সরকার। 

সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নাম পরিবর্তন হওয়া চার মহাসড়কের মধ্যে ঢাকা মাওয়া মহাসড়কের যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে মাওয়া পর্যন্ত ৩৫ কিলোমিটার এবং পাঁচ্চর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ২০ কিলোমিটার জাতীয় মহাসড়ক রয়েছে।

এই মহাসড়কের নাম ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে’ পাল্টে করা হয়েছে ‘ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে’।

নাম পরিবর্তনের তালিকায় আছে সিলেট জেলা বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়ক।

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক’ পাল্টে এর নতুন নাম রাখা হয়েছে ‘সিলেট জেলার বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়ক’।

মাদারীপুর (মোস্তফাপুর) থেকে কাজীরটেক ব্রিজ হয়ে শরীয়তপুর পর্যন্ত ২২২ কিলোমিটার মহাসড়কের বর্তমান নাম ‘শেখ হাসিনা মহাসড়ক’। এর নতুন নাম ‘কাজীরটেক ব্রিজ শরীয়তপুর মহাসড়ক’।

চট্টগ্রাম সড়ক বিভাগের অধীন বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কটির নাম ‘শেখ হাসিনা সরণি’ পাল্টে ‘বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক’ রাখা হয়েছে।

আর সেতুর মধ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার কাঁচদহঘাট এলাকার করতোয়া নদীর উপর নির্মিত ‘ওয়াজেদ মিয়া সেতুর’ না পাল্টে ‘কাঁচদহ সেতু’ করা হয়েছে।

পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আন্ধারমানিক নদীর উপর নির্মিত ‘শেখ কামাল সেতু’র নাম পাল্টে করা হয়েছে ‘আন্দারমানিক সেতু’।

পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের সোনাতলা নদীর উপর নির্মিত ‘শেখ জামাল সেতু’র নতুন নাম ‘সোনাতলা সেতু’।

একই আঞ্চলিক মহাসড়কের খাপড়াভাঙ্গা নদীর উপর নদীর উপর নির্মিত ‘শেখ রাসেল সেতুর’ নাম হবে ‘খাপড়াভাঙ্গা সেতু’।

এছাড়া পিরোজপুরের জিয়ানগরে বলেশ্বর নদীর ওপর নির্মিত ‘শহীদ শেখ ফজলুল হক মনি সেতু’র নাম পাল্টে করা হয়েছে ‘ইন্দুরকানি সেতু’।

একই জেলার রাজাপুর-নৈকাঠী-বেকুটিয়া-পিরোজপুর জেলা মহাসড়কের বেকুটিয়া পয়েন্টে কঁচা নদীর উপর নির্মিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’র নাম পাল্টে ‘বেকুটিয়া সেতু’ করা হয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন ২য় শীতলক্ষ্যা সেতুর নাম ‘সুলতানা কামাল সেতু’ পাল্টে ‘ডেমরা সেতু’ এবং বরিশাল জেলায় অবস্থিত বর্তমান ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু’র নাম পাল্টে ‘দপদপিয়া সেতু’ করা হয়েছে।

আরও পড়ুন...

শেখ পরিবার ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ১০ স্থাপনার নাম বদলাল ঢাকা দক্ষিণ সিটি

বঙ্গবন্ধু ও শেখ পরিবারের নাম বাদ যাচ্ছে ১৩ বিশ্ববিদ্যালয় থেকে

বদলে গেল সরকারি ৬ মেডিকেল কলেজের নাম