ভোট-গণভোট: সচেতনতা বাড়াতে দেশজুড়ে কর্মসূচি নেবে সরকার
“গণভোট অর্থবহ করতে হলে সব ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি,” বলেন মাহবুবা ফারজানা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের গণভোটে মানুষের অংশগ্রহণ বাড়াতে দেশজুড়ে জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার।
শুক্রবার থেকে দেশব্যাপী এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।
বৃহস্পতিবার গণযোগাযোগ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলেছে, তথ্য সচিব এদিন সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা তথ্য অফিসগুলোর প্রচার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন। সেখানে তিনি এসব নির্দেশনা দেন।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে এ সভায় মাঠপর্যায়ের ৬৮টি তথ্য অফিসের প্রধানরা অংশগ্রহণ করেন।
মাহবুবা ফারজানা বলেন, "এবারের গণভোটকে ব্যতিক্রমধর্মী ও অর্থবহ করতে হলে সব ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। ভোটারদের উজ্জীবিত করার গুরু দায়িত্ব তথ্য অফিসগুলোকেই পালন করতে হবে। জনগণকে ভোটদানের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে সচেতন করতে হবে।
"ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে গণভোটে অংশ নিতে হবে।"
গণভোটের প্রচারে আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিনির্ভর কনটেন্ট ও বক্তব্য উপস্থাপনের নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, এতে জনগণ সহজে গণভোটের গুরুত্ব অনুধাবন করতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচেতনতা বাড়াতে ‘টেন মিনিট ব্রিফ’ কর্মসূচি গ্রহণে গুরুত্ব দেন তথ্য সচিব।
এ কর্মসূচির আওতায় গ্রামের ছোট ছোট বাজারে জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের ১০ মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিংয়ের মাধ্যমে নির্বাচনে করণীয় তুলে ধরার নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক ওমর ফারুক দেওয়ান, রংপুর জেলা তথ্য অফিসের পরিচালক ড. মোফাখখারুল ইকবাল, পরিচালক (প্রশাসন) সৈয়দ এ মু’মেন এবং পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন উপস্থিত ছিলেন।
