২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তালিকায় না থাকা হতাহতদের নাম পাঠানোর আহ্বান

সেলের হিসাবে, গণআন্দোলনে এখন পর্যন্ত ৮২৬ জনের প্রাণ গেছে; আহতের তালিকায় রয়েছেন ১১ হাজার ৩৮১ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2025, 11:08 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

জুলাই-অগাস্টের গণআন্দোলনে হতাহতদের তালিকার বাইরে থাকাদের নাম যুক্ত করতে আবেদন চেয়েছে সরকারের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল।

বুধবার এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহত বা নিহতের নাম যুক্ত করতে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন পাঠানো যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “গণঅভ্যুত্থানে অংশ নিয়ে প্রতিপক্ষের আক্রমণে যারা শহীদ বা আহত হয়েছেন তাদের নামের প্রথম ধাপের চূড়ান্ত তালিকা https://medical-info.dghs.gov.bd/public ওয়েব পেজে প্রকাশ করা হয়েছে। যারা ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ অগাস্টের মধ্যে আন্দোলনে সম্পৃক্ত হয়ে শহীদ বা আহত হয়েছেন কিন্তু প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হননি, এমন ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে।”

নাম যুক্ত করতে হতাহত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, হাসপাতালে চিকিৎসা গ্রহণের প্রমাণপত্র এবং উপযুক্ত অন্যান্য কাগজপত্রসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অথবা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতার কাছেও আবেদন জমা দেওয়া যাবে।

সেলের হিসাবে, গণআন্দোলনে এখন পর্যন্ত ৮২৬ জনের প্রাণ গেছে। এ ছাড়া ১১ হাজার ৩৮১ জনের নাম আহতের নাম তালিকায় যুক্ত করা হয়েছে।

কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাইয়ের শেষ দিকে সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার তুমুল এ গণ আন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। এর আগে এ আন্দোলন দমাতে গিয়ে ব্যাপক সহিংসতা ঘটনা ঘটে। এত বিপুল হতাহত হয়।

সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে হতাহতের এ তালিকা তৈরির উদ্যোগ নেয়। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম-এমআইএস হতাহতদের তথ্য সংরক্ষণ করছে।