আরো ৩ জেলা পরিষদে নতুন প্রশাসক
নতুন জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত কিংবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক বসিয়েছে সরকার।
বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (জেলা পরিষদ শাখা) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
সিরাজগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পরিষদে মো. শরীফুজ্জামান এবং সাতক্ষীরা জেলা পরিষদে হাবিবুল ইসলাম হাবিব।
এর মধ্যে সাইফুল ইসলাম গত সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। মো. শরীফুজ্জামান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্পাদক।
হাবিবুল ইসলাম হাবিব বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক ও দলের জেলা কমিটির সাবেক সভাপতি।
প্রজ্ঞাপনে বলা হয়, নতুন জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত কিংবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রশাসকরা আইন অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তারা বিধি অনুযায়ী বেতন–ভাতা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ১৫ মার্চ ৪২টি ও ৩১ মার্চ ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক বসায় বিএনপি সরকার।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৯ অগাস্ট তিন পার্বত্য জেলা বাদে সব জেলা পরিষদে প্রশাসক বসিয়েছিল অন্তর্বর্তী সরকার।
পুরনো খবর
