১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদপুরে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৪

“চক্রের অন্য সদস্যদের বিষয়ে খোঁজ চলছে,” বলেন এসি মেহেদী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 09:21 AM

Updated : 26 Aug 2026, 02:15 PM

ঢাকার মোহাম্মদপুরে আবারও দিন-দুপুরে চাপাতি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই ঘটেছে।

শনিবার দুপুরে বছিলা এলাকার একটি সড়কে ঘটা এ ঘটনার ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- আজহারুল, নোমান, নাসিম ও জসিম। তারা সবাই ‘মাহি গ্রুপের’ সদস্য বলে জানিয়েছে পুলিশ।

মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মেহেদী হাসান বলেন, “চাপাতি হাতে এক যুবকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইলটিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

গ্রেপ্তারদের বিষয়ে ‘বিস্তারিত যাচাই-বাছাইয়ের’ পাশাপাশি চক্রের অন্য সদস্যদের বিষয়ে ‘খোঁজ চলছে’ বলে জানান তিনি।

ফেইসবুকে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শনিবার বেলা পৌনে ১২টার দিকে বছিলা ৪০ ফিট সড়কের একপাশে মোবাইল হাতে দাঁড়িয়ে ছিলেন এক যুবক। 

এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকা ওই যুবককে অতিক্রম করে একটু সামনে গিয়ে থামে। অটোরিকশা থেকে চাপাতি হাতে দুজন দৌড়ে এসে দাঁড়িয়ে থাকা যুবককে ঘিরে ধরেন।

চাপাতির ভয় দেখিয়ে যুবকের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে মুহূর্তের মধ্যেই ওই দুজনকে দৌড়ে অটোরিকশার দিকে চলে যেতে দেখা যায়।