১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে গরম কমার ‘সম্ভাবনা নেই’

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, তার কোনো আভাস দিতে পারেননি আবহাওয়াবিদ ওমর ফারুক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2024, 06:42 PM

Updated : 26 Aug 2026, 09:45 AM

মৌসুমী বায়ু আগেভাগেই চলে আসায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও ঢাকাসহ বিভিন্ন জেলার উপর দিয়ে যে মাঝারি তাপ্প্রবাহ বয়ে যাচ্ছে, তা ঈদের আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

মঙ্গলবার বিকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “ঢাকা ও খুলনা বিভাগসহ গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পটুয়াখালী এবং আরো ১৫ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরো ৫/৬ দিন অব্যাহত থাকবে। 

“তবে আগামীকাল ঢাকায় বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে।”

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, তার কোনো আভাস দিতে পারেননি এই আবহাওয়াবিদ।

মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

আর যশোর ও রাজশাহীতে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

এছাড়া বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।