১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লুটের অস্ত্র উদ্ধারে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, জানতে চেয়েছে হাই কোর্ট

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে গেল ১৪ জানুয়ারি রিট আবেদনটি দায়ের করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 09:53 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করে।

মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাব মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। 

আদেশের পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংশ্লিষ্ট বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের প্রাথমিক শুনানি শেষে হাই কোর্ট রুল জারি করেছেন। সরকারের ওই সিদ্ধান্ত বা নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।”

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে গেল ১৪ জানুয়ারি রিট আবেদনটি করেন মাহমুদুল হাসান।

রিট আবেদনে বিভিন্ন গণমাধ্যমের তথ্য তুলে ধরে বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়। 

সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করলেও এখন পর্যন্ত এর একটি উল্লেখযোগ্য অংশ উদ্ধার করা সম্ভব হয়নি, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।

আইনজীবী মাহমুদুল হাসান বলেন, “অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হাতে চলে যাওয়ায় মানুষের জীবনের জন্য ব্যাপক হুমকি সৃষ্টি হয়েছে।”