১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

লেগুনার যাত্রী নামার সময় বাসের ধাক্কা, নিহত ২

ধাক্কা দেওয়া বাসটিকে জব্দ করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 01:06 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

ঢাকার যাত্রাবাড়ী থানার মীরহাজীরবাগ এলাকায় একটি লেগুনা থেকে যাত্রী নামার সময় যানটিকে সামনে থেকে ধাক্কা দিয়েছে দ্রুতগতির বাস। তাতে লেগুনার দুজনের প্রাণ গেছে, আহত হয়েছে আরেকজন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে মীরহাজীরবাগের ঘুন্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জানিয়েছেন।

নিহতরা হলেন—লেগুনার যাত্রী আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)। তারা দুজনই গেন্ডারিয়া এলাকার বাসিন্দা।

আজিজুল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন, আর সাইফুল মোটর পার্টসের একটি দোকানে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনার পর চিকিৎসক দুজনকে মৃত ঘেষণা করেন। আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”

তবে আহত ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি মোহাম্মদ রাজু বলেন, “একটি লেগুনা থামিয়ে যাত্রী নামাচ্ছিল। এ সময় বাহাদুরশাহ পরিবহনের একটি বাস সামনে থেকে লেগুনাটিকে সজোরে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। ধাক্কা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে।”