২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী ওয়াদুদসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দুটি কোম্পানির অনুকূলে ৪ কোটি ২০ লাখ টাকা  ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ করা হয়েছে দুদকের দুই মামলায়।

সাবেক প্রতিমন্ত্রী ওয়াদুদসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2025, 09:24 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

নিজের দুটি কোম্পানির অনুকূলে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৪ কোটি ২০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রীসহ আটজনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত বুধবার মামলা করেছেন বলে সংস্থাটির উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম তথ্য দিয়েছেন।

একটি মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে কোনো ধরনের রেকর্ডপত্র জমা না দিয়ে, বোর্ড সভার অনুমোদন না নিয়ে আব্দুল ওয়াদুদের বেঙ্গল গ্যাস লিমিটেডের অনুকূলে উত্তরা ফাইন্যান্স থেকে ২ কোটি ৭০ লাখ নিয়ে আত্মসাৎ করা হয়েছে।

এ মামলায় রাজশাহী-৫ আসনের সাবেক এমপি ওয়াদুদ, তার স্ত্রী মনোয়ারা বেগম, উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফীন, বেঙ্গল গ্যাস লিমিটেডের এমডি গাউস মোহাম্মদ হাসান জাহিদ, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেজারি মোহাম্মদ মাইন উদ্দিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট কাজী আরিফুজ্জামান, সাবেক অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট এসএম কামরুজ্জামান ও সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহাকে আসামি করা হয়েছে।

দ্বিতীয় মামলাটিতে অভিযোগ করা হয়, আব্দুল ওয়াদুদের কাজী এনার্জি রিসোর্স লিমিটেডের নামে উত্তরা ফাইন্যান্স থেকে ১ কোটি ৫০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করা হয়েছে। ঋণের জন্য রেকর্ডপত্র জমা না দেওয়া ও বোর্ড সভার অনুমোদন না নেওয়ার অভিযোগ করা হয়েছে এ মামলাতেও।

বেঙ্গল গ্যাস লিমিটেডের এমডি গাউস মোহাম্মদ হাসান জাহিদ বাদে আগের মামলার সাতজনকে দ্বিতীয় মামলাটিতে আসামি করা হয়েছে।