Published : 08 May 2026, 05:24 PM
ঢাকা মহানগর এলাকায় আরও চারটি নতুন থানা করার পরিকল্পনার কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
তিনি বলেছেন, এরমধ্যে একটি থানার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে, বাকি তিনটি থানা স্থাপনের ‘চেষ্টা চলছে’।
শুক্রবার দুপুরে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফুট সড়ক এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রায়েরবাজার একটা পুলিশ ফাঁড়ি আছে, সেটাকে আমরা আরো শক্তিশালী করব। রায়েরবাজারে পুলিশের একটি নতুন থানা হতে যাচ্ছে, এটার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে। এটা শিগগিরই পাশ করার চেষ্টা করছি।
“এছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু এলাকায় নিয়ে আরো একটি নতুন থানা করার চেষ্টায় আছি। এর বাইরেও বসুন্ধরা এলাকায় অর্থাৎ ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেত এলাকার অংশ ভেঙ্গে ভাটারা এলাকায় আমরা বসুন্ধরা নামে আরও একটি থানা স্থাপন করব। আমাদের খিলগাঁও এলাকায় আরও একটি নতুন থানার প্রস্তাব আছে।”
পূর্বাচল এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় যাচ্ছে তুলে ধরে তিনি আরো বলেন, “আমরা এখনো আদেশ পাইনি, পেলে আমরা ওই এলাকায় পুলিশিং শুরু করব। পূর্বাচলে চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দিয়ে রেখেছি। এছাড়া পূর্বাচল এলাকায় ট্রাফিক ডিভিশন, এমটিও (যানবাহন ব্যব্স্থাপনা ও রক্ষণাবেক্ষণ বিভাগ) ওয়ার্কশপসহ পুলিশ লাইন্স স্থাপনে ছয় হাজার ফোর্সের চাহিদা আছে।”
ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উন্নয়নের চেষ্টায়’ গেল ১৫ দিনে ঢাকার বছিলা ও কারওয়ানাবাজারে দুটি পুলিশ ক্যাম্প উদ্বোধনের পর শুক্রবার খিলক্ষেত এলাকায় একটি ফাঁড়ি উদ্বোধন করা হল।
এদিন পুলিশের এই নতুন ফাঁড়িটি উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
এরমধ্যে নিজেদের ‘সক্ষমতা বাড়াতে’ নতুন থানা ও জনবল বাড়ানোর তথ্য দিলেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।
গত কয়েক মাসে ডিএমপিতে প্রায় আট হাজার পুলিশ সদস্যের নতুন আবাসনের ব্যবস্থা করা হয়েছে তুলে ধরে তিনি বলেন, নীলক্ষেত পুলিশ ফাঁড়িতে ১ হাজার ৬০০ ফোর্স থাকবে, ডেমরা পুলিশ লাইন্সে ১ হাজার ৬০০ ফোর্স থাকবে। এছাড়া মিরপুর পুলিশ লাইন্স, সেখানে ২০ তলা একটা ব্যারাক আছে, গত মাসে উদ্বোধন হয়েছে। ছয় তলা পর্যন্ত ব্যারাক, ২ হাজার ২০০ ফোর্স থাকবে।
ডিএমপি কমিশনার বলেন, “আমাদের পূর্বাচলে ২০ তলা একটা বিল্ডিং আছে পুলিশ হেডকোয়ার্টারের। ওইখানে আমাদের ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন এবং ট্রাফিক উত্তর ডিভিশনের ফোর্স থাকতেছে ৮০০-৯০০।”
এর বাইরে দিয়াবাড়ির পুলিশ লাইন্সে ১০ একর জায়গায় আছে তুলে ধরে তিনি বলেন, “ওইখানেও আমরা ট্রাফিক পুলিশসহ থানা ও ফাঁড়ি পুলিশ নিয়ে যাব। এই ১০ একর জায়গা ওখানেও আমরা আবাসন বর্ধিত করছি।
“বছিলা পুলিশ লাইন্স ছিল, আগে তেমন কিছু ছিল না, আমরা গত কয়েক মাসে বছিলা পুলিশ লাইন্সে আমাদের ট্রাফিক তেজগাঁও ডিভিশনের প্রায় ২৫০ ফোর্সসহ অফিস করা হয়েছে।”
সরওয়ার বলেন, “আমাদের এমটিও ওয়ার্কশপ যেটা রাজাবাগ পুলিশ লাইন্সে ক্রাউডেড, সেটা আমরা শিফট করে নিয়ে যাচ্ছি, শিফটিং কাজ চলতেছে। ওইখানে ১৫০ থেকে ২০০ মেকানিক পুলিশ মেকানিকসহ ডিসি এমটিও ওয়ার্কশপ বসবে।”
ডিএমপির একটা মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল আছে তুলে ধরে তিনি বলেন, “এটাও গত বছর বছিলায় উদ্বোধন হয়েছে, ওটার কাজ চলতেছে। আর ‘ফোর্থ’ হল ওখানে বছিলা পুলিশ ক্যাম্প বা মিনি থানা বলতে পারেন। এভাবে আমরা আমাদের আবাসন বৃদ্ধি করতেছি।”