২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

স্বাধীনতা দিবসে মিছিল: সাবেক যুগ্ম সচিব সিরাজ কারাগারে

মিছিল থেকে ‘স্বাধীনতা দিবসকে কলুষিত করা, জানমালের নিরাপত্তা বিঘ্ন ও বিশৃঙ্খলা সৃষ্টির’ অভিযোগে মামলা করে পুলিশ।

স্বাধীনতা দিবসে মিছিল: সাবেক যুগ্ম সচিব সিরাজ কারাগারে
আদালতে সাবেক যুগ্ম সচিব মো. সিরাজুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 07:26 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

স্বাধীনতা দিবসে মিছিল করে সরকারের বিরুদ্ধে স্লোগান ও বিশৃঙ্খলাসহ বিভিন্ন অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় সাবেক যুগ্ম সচিব মো. সিরাজুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকির হোসাইন মঙ্গলবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সিরাজুল ইসলাম বাঞ্ছারামপুর উপজেলার চেয়ারম্যান ছিলেন। তার সঙ্গে যুবলীগ নেতা মোহাম্মদ মাকসুদুর রহমানকেও কারাগারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের খিলগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর আলমগীর হোসেন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের আইনজীবী মো. আমজাদ হোসেন জামিন চেয়ে আবেদন করেন।

পল্টন মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বলেন, মামলার মূল নথি না থাকায় এদিন জামিন শুনানি হয়নি। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৬ মার্চ সকাল ভোরে গুলিস্তানের গোলাপ শাহ মাজার থেকে ৫০/৬০ জন মিছিল করেন। এ ঘটনায় পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ‘স্বাধীনতা দিবসকে কলুষিত করা, দেশের সার্বভৌমত্বকে আঘাত, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্ন ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য’ সক্রিয়ভাবে ‘দেশবিরোধী প্রচারে’ মিছিল করেন। তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।