১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

অবরোধের আগের রাতে ২ বাসে আগুন, ‘গান পাউডার’ ব্যবহার

মোহাম্মদপুরে মিডলাইন পরিবহনের বাসটিতে অগ্নিসংযোগে ‘গান পাউডার’ ব্যবহার করেছে দুর্বৃত্তরা, বলেছে পুলিশ।

অবরোধের আগের রাতে ২ বাসে আগুন, ‘গান পাউডার’ ব্যবহার

মোহাম্মদপুরে মিডলাইন পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2023, 11:48 PM

Updated : 11 Dec 2023, 11:48 PM

বিএনপির ৩৬ ঘণ্টার অবরোধ শুরুর আগের রাতে ঢাকার মোহাম্মদপুর ও টিকাটুলিতে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে; যার একটিতে দুর্বৃত্তরা ‘গান পাউডার ব্যবহার করেছে’ বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাতে এক ঘণ্টার ব্যবধানে এ দুটি বাসে আগুন দেওয়া হয়; ঘটনার সময় দুজনকে ‘হাতেনাতে’ আটকের দাবিও পুলিশের।

গ্রেপ্তার দুইজন হলেন- মো. শাহীন (২৪) ও আবু বকর সিদ্দিক (২০)।

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় রাত সাড়ে ৮টার দিকে মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

মোহাম্মদপুর থানার ওসি মাহফুজ ভুঞা বলেন, “গান পাউডার দিয়ে বাসে আগুন লাগিয়ে দুই তরুণ পালানোর চেষ্টা করে। আমরা জনগণের সহায়তায় দুজনকে ধরে ফেলি। এরা দুজনেই যুবদল কর্মী বলে পুলিশকে জানিয়েছে।”

আটক দুজন আদাবরের মেহেদিবাগ এলাকায় থাকেন। শাহীনের গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জে। আর আবু বকরের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দরে।

Image

মোহাম্মদপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় দুজনকে ধরে ফেলে স্থানীয়রা।

ওই ঘটনার পর রাত পৌনে ১০টার দিকে টিকাটুলিতে রাজধানী মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায় বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।

সবশেষ মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

এই অবরোধ শুরুর আগে সোমবার বিকালে সাড়ে ৩টার দিকে ঢাকার মতিঝিলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের দিনে সংঘর্ষের পর থেকে হরতাল-অবরোধর কর্মসূচি পালন করছে দলটি। দফায় দফায় অবরোধের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যানবাহন ভাঙচুর ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

আরও পড়ুন-

পুরনো খবর:

অবরোধের আগে মতিঝিলে বাসে আগুন