৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

এটুআইয়ের ১৪ কর্মকর্তাকে কাজে বিরত থাকার নির্দেশ

সরকার পতনের পর তাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত পরবর্তী কার্যক্রম চলায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2024, 06:23 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘এসপায়ার টু ইনোভেট’ বা এটুআই প্রোগ্রামের ১৪ কর্মকর্তাকে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সরকার পতনের পর তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের তদন্ত পরবর্তী কার্যক্রম চলমান থাকায় তাদের কাজে বিরত থাকতে বলা হয়েছে মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক বিজ্ঞপ্তিতে।

এ কর্মকর্তারা হলেন- এটুআইয়ের পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, ই-গভর্নমেন্ট এনালিস্ট মো. ফরহাদ জাহিদ শেখ, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. মাজেদুল ইসলাম, এইচডি মিডিয়ার প্রজেক্ট এনালিস্ট পূরবী মতিন, টেকনোলজি এনালিস্ট মো. হাফিজুর রহমান, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ, রিসোর্স মবিলাইজেশন স্পেশালিস্ট মো. নাসের মিয়া।

এছাড়া ডিএফএস স্পেশালিস্ট মো. তহুরুল হাসান, সলিউশন আর্কিটেকচার স্পেশালিস্ট রেজওয়ানুল হক জামী, এসপিএস এর সিনিয়র কনসালটেন্ট এইচ এম আসাদ-উজ্জামান, ই- নথি ইমপ্লিমেন্টেশন এক্সপার্ট এটিএম আল ফাত্তাহ, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর কাদের ইমন, এডমিন এর কনসালটেন্ট মো. ওমর ফারুক এবং প্রকিউরমেন্টের সিনিয়র কনসালল্টেন্ট মো. সালাউদ্দিনকেও কাজে বিরত থাকতে বলা হয়েছে।

আওয়ামী লীগ ২০০৯ সালে সরকার গঠনের পর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি- ইউএনডিপির অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি শুরু করা হয়।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০১৮ সালে এটুআই প্রোগ্রামকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ন্যস্ত করা হয়। ২০২০ সালে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এর নাম পরিবর্তন করে এসপায়ার টু ইনোভেইট (এটুআই) রাখা হয়।

বর্তমানে এটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ ও ইউএনডিপির অধীনে বাস্তবায়ন হচ্ছে।