শৈশবে ফিরে গেলেন প্রধান উপদেষ্টা
গ্রামের মানুষের সঙ্গে আঞ্চলিক ভাষায় কথা বলেন তিনি; শৈশবের স্মৃতিচারণ করেন, ছড়া কাটেন।
জন্ম, শৈশব আর কৈশোরের সময়টা যেখানে কেটেছে, অসংখ্য স্মৃতি আজও চোখে স্পষ্ট ভেসে ওঠে, সেই বাথুয়া গ্রামে কিছু সময়ের জন্য ফিরে গেলেন বাংলাদেশ সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস।
বুধবার বিকালে সেখানে গেলে গ্রামের মানুষ তাকে বরণ করে নেন। তাদের সঙ্গে আঞ্চলিক ভাষায় কথা বলেন প্রধান উপদেষ্টা। শৈশবের স্মৃতিচারণ করেন, ছড়া কাটেন। দাদা-দাদির কবর জিয়ারতও করেন।
সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মত চট্টগ্রামে যান মুহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেওয়ার পর হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে পৈতৃক বাড়িতে যান। তার আসার খবরে গ্রামের মানুষ উচ্ছ্বসিত ছিলেন।
প্রধান উপদেষ্টার চাচাত ভাই কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি করপোরেশন কলেজের অধ্যক্ষ মো. জয়নাল আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি নোবেলজয়ী, সরকার প্রধানও। বাংলাদেশের ইতিহাসে চট্টগ্রাম থেকে প্রথম কোনো ব্যক্তি সরকারপ্রধান হয়েছেন।
“একজন সরকারপ্রধান তার গ্রামে এসেছেন। গ্রামের মানুষ উৎসবমুখর পরিবেশে উনাকে বরণ করে নিয়েছেন। উনি নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখছেন এবং দেখাচ্ছেন। উনার স্বজন এবং গ্রামের মানুষ হিসেবে আমি গর্বিত, আনন্দিত।”
জয়নাল আবেদিন বলেন, “উনি দাদা-দাদির কবর জিয়ারত শেষে জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেন। আঞ্চলিক ভাষায় বক্তব্য দিয়ে শৈশবের স্মৃতিচারণ করে বিভিন্ন কথা বলেছেন।”
এর আগে সকালে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। পরে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে যোগ দেন। সেখানে তাকে সম্মানসূচক ডি-লিট প্রদান করা হয়।”
