১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকারকে বিতর্কিত করার অপচেষ্টা ঠেকাতে সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার

প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সভায় উপস্থিত কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 06:30 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

সরকার ও পুলিশকে বিতর্কিত করার অপচেষ্টা মোকাবেলায় পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দীন আহমদ।

বৃহস্পতিবার পুলিশ অফিসার্স মেসে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় তিনি এ আহ্বান জানান।

সভার পর পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়। 

মোসলেহ উদ্দীন আহমদ বলেন, "সরকার ও পুলিশকে যারা বিতর্কিত করতে চায়, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।"

তিনি বলেন, বাংলাদেশ পুলিশকে আধুনিক, পেশাদার ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অর্থবহ ভূমিকা রাখার মাধ্যমে দেশ ও জাতির সার্বিক উন্নয়নে অবদান রাখবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার শুরুতে কোরআন তেলাওয়াত হয়। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত কর্মকর্তারা।

সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (এন্টি টেরোরিজম ইউনিট) মো. রেজাউল করিম, অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) সরদার নুরুল আমিন ও অতিরিক্ত আইজিপি (হাইওয়ে পুলিশ) ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।