শেষ কর্মদিবসে ছুটি ছুটি ভাব সচিবালয়ে
যারা অফিস করছেন তারা কাজ গোছাতে ব্যস্ত সময় পার করছেন।
ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিনের ছুটি শুরুর আগে শেষ কর্মদিবস বুধবার প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি বেশ কম দেখা গেছে।
যারা অফিস করছেন তারা কাজ গোছাতে ব্যস্ত সময় পার করছেন, পাশাপাশি বাসায় ফেরার প্রস্তুতি নিতেও দেখা গেছে কাউকে কাউকে।
তবে সচিবালয়ের রেশনের দোকানে বেশ ভিড় দেখা গেছে।
এ দিন সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক ছিল।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নোবেল দে বলেন, "ঈদের ছুটিতে কয়েকদিন ঢাকায় থাকব। ঈদের পর নিজ জেলায় যাওয়ার ইচ্ছা আছে। মাঝে কয়েকদিন মন্ত্রণালয়ের কোনো কাজ থাকলে সেটা করবে।"
গণপূর্ত মন্ত্রণালয়ের এমএলএসএস রজব আলী বলেছেন তার ঈদের ছুটি মেলেনি।
“স্যারেরা একটা চিঠি ধরায়া দিছে, ঈদে ডিউটি করতে হবে। ঈদের ছুটির পর এই ছুটি কাটাবো।"
আগামী ৭ জুন সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। কোরবানির ঈদ উপলক্ষে এবার ৫ ও ৬ জুন এবং পরে ৮-১০ জুন মিলিয়ে মোট ৬ দিনের ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল।
পরে এর সঙ্গে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুনের ছুটি যোগ করেছে উপদেষ্টা পরিষদ। আর তারপর ১৩ ও ১৪ জুন শুক্র ও শনি সাপ্তাহিক ছুটি।
সব মিলিয়ে এবার ৫ থেকে ১৪ জুন, টানা দশ দিনের দীর্ঘ অবকাশে যাচ্ছেন চাকরিজীবীরা।
