২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০৯০ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাকে দ্রুত এমপিওভুক্ত করার দাবি

“দীর্ঘ আন্দোলনের পরও দাবিগুলো উপেক্ষিত হচ্ছে।”

১০৯০ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাকে দ্রুত এমপিওভুক্ত করার দাবি
এবতেদায়ী মাদ্রাসা, স্বতন্ত্র এবতেদায়ী, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 05:35 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

যাচাই-বাছাই করা এক হাজার ৯০টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাকে দ্রুত এমপিওভুক্তির দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব রেজাউল হক বলেন, “১৯৭৮ সালের অর্ডিন্যান্স ও ১৯৮৪ সালে মাদ্রাসা বোর্ডের নিবন্ধনের মাধ্যমে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলো প্রাথমিক শিক্ষার সমতুল্য শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। একসময় শিক্ষার্থীরা উপবৃত্তি ও ফিডিং সুবিধা পেলেও ২০২২ সাল থেকে তা বন্ধ হয়ে গেছে।”

অভিযোগ করে তিনি বলেন, “১৯৯৪ সালে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সামান্য ভাতা দেওয়া হয়েছিল। কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ হলেও এসব মাদ্রাসা এখনো বঞ্চিত। ফলে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন।

“গত জানুয়ারিতে মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব ঘোষণা দিয়েছিলেন ধাপে ধাপে সব এবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করা হবে। কিন্তু দুঃখজনকভাবে জুলাই মাসে কেবল অনুদানপ্রাপ্ত ১৫১৯টি মাদ্রাসার এমপিওভুক্তির আবেদন গ্রহণ করা হয়। এর মধ্যে ১০৯০টি প্রতিষ্ঠানের যাচাই-বাছাই সম্পন্ন হলেও এখনও গেজেট প্রকাশ হয়নি।”

ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে যে শিক্ষাব্যবস্থা রয়েছে, সেই আলিয়া মাদ্রাসা পদ্ধতিতে পঠন-পাঠন হয় এবতেদায়ী মাদ্রাসায়। প্রাথমিক বিদ্যালয়ের সমমান এই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের গোড়াপত্তন হয় ১৯৮৪ সালে। এরপর চার দশক কেটে গেলেও শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করছেন।

শিক্ষকরা বলছেন, তাদের অনেকেই কর্মজীবন শেষ করেছেন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ছাড়াই। অথচ ১৯৭৩ সাল থেকে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হচ্ছে; ২০১৩ সালেও ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি হয়েছে।

দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবি জানিয়ে আসা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা জোরালো আন্দোলন গড়ে তোলেন দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর। এর মধ্যে তাদের এক পদযাত্রায় পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে।

বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের পিটুনির সেই ঘটনা আলোড়ন তোলে। তারই একপর্যায়ে গত ২৮ জানুয়ারি এবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেন মাদ্রাসা অনুবিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক। জাতীয়করণের উদ্যোগের অংশ হিসেবে প্রথমে এমপিওভুক্তি করার কথা।

রেজাউল হক বলেন, “দীর্ঘ আন্দোলনের পরও দাবিগুলো উপেক্ষিত হচ্ছে। গত ১৪ সেপ্টেম্বর থেকে অবস্থান কর্মসূচি চলছে। এর মধ্যে শিক্ষক গ্রেপ্তারসহ হয়রানির ঘটনা ঘটেছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ তিনটি দাবি তুলে ধরে।

দাবি তিনটি হচ্ছে— বাছাই করা এক হাজার ৯০টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার এমপিও তালিকা গেজেট আকারে প্রকাশ করতে হবে; অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্ত করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করতে হবে এবং অনুদানপ্রাপ্ত মাদ্রাসার পাশাপাশি অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষার্থীদেরও দ্রুত উপবৃত্তি চালু করতে হবে।

কর্মসূচি ঘোষণা করে মহাসচিব রেজাউল বলেন, “আগামী ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে সারাদেশের শিক্ষক অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হবে। ওই কর্মসূচি থেকে পরবর্তী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।”

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীসহ অন্যরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

এবতেদায়ী মাদ্রাসার এমপিওভুক্তি কতদূর?