২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসায় অচেতন পড়ে ছিলেন, হাসপাতালে নিয়ে জানা গেল মারা গেছেন

জাকির হোসেন হাওলাদার নামের ওই ব্যক্তি পেশায় ছিলেন বাইক রাইডার।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 10:55 AM

Updated : 26 Aug 2026, 10:26 AM

ঢাকার দক্ষিণ বনশ্রী এলকার একটি বাসা থেকে এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।

জাকির হোসেন হাওলাদার নামের ৩২ বছর বয়সী ওই যুবক পেশায় ছিলেন রাইড শেয়ারের বাইক চালক। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মধ্য মদনা এলাকায়। ঢাকায় তিনি থাকতেন দক্ষিণ বনশ্রীর এম ব্লকের নয় নম্বর সড়কের একটি বাসায়। 

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জাকিরকে নিজের ঘরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশী নুর মোহাম্মদ। এরপর পুলিশের সহায়তায় রাত ১২টা ২০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, "খিলগাঁও থানা পুলিশের সহায়তায় ভিকটিমকে হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।"