ভ্রাম্যমাণ প্রচার বাহন চষে বেড়ানোর মধ্যে এল অনুমোদনের চিঠি
এ অনুমোদনের আগে থেকেই বাস কিংবা পিকআপে মাল্টিমিডিয়া বা ডিজিটাল প্রযুক্তি যুক্ত করে ভোটের মাঠে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা।
মাল্টিমিডিয়া কিংবা ডিজিটাল প্রযুক্তি যুক্ত পিকআপ বা বাসের মত ভোটের প্রচারের ভ্রাম্যমাণ বাহনগুলো ছুটে বেড়ানোর মধ্যে সেগুলো অনুমোদনের খবর এলো নির্বাচন কমিশন তরফ থেকে।
বুধবার রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারদের এ ব্যাপারে চিঠি দিয়েছে কমিশন।
সেখানে বলা হয়েছে, “নির্বাচনি প্রচারকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করতে যানবাহনের চারপাশে ডিজিটাল প্রযুক্তি কিংবা সাধারণ পচনশীল সামগ্রী ব্যবহার করে ভ্রাম্যমাণ প্রচার বাহন বা ক্যারাভ্যান পরিচালনা করা যাবে। তবে এ ধরনের প্রচারণায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না এবং জনদুর্ভোগ বা জনশৃঙ্খলার ব্যাঘাত ঘটানো যাবে না।
“প্রচারণা কার্যক্রম অবশ্যই নির্বাচন আচরণবিধির আলোকে পরিচালিত হতে হবে এবং কোনোভাবেই জনস্বার্থ বা আইনশৃঙ্খলার পরিপন্থি হওয়া যাবে না।”
নির্বাচন কমিশনের এই অনুমোদনের আগে থেকেই নির্বাচনি প্রতীক সম্বলিত বাসে প্রচার কার্যক্রম চালাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর গত ২৯ জানুয়ারি মাল্টিমিডিয়া নির্বাচনি প্রচারণা বাসের উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
