২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

“এখন তো কোনো সরকার নেই, রাস্তায় পুলিশ নেই; এজন্যই নিজের দায়িত্ববোধ ট্রাফিক নিয়ন্ত্রণ করছি,” বলেন একজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2024, 06:05 PM

Updated : 10 Sep 2026, 12:13 PM

যে লাঠি হাতে নিয়ে আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা, সেই লাঠি দিয়েই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নেমেছেন তারা।

পুলিশহীন ঢাকায় মঙ্গলবার সকাল থেকেই মহাখালী, বিজয় সরণি এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায় একদল শিক্ষার্থীকে।

বিজয় সরণিতে সকাল ১১টা থেকে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছিলেন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় ও বায়েজীদ হোসেন ফাহিম। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফাহিম বলেন, "দায়বোধের জায়গা থেকেই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছি। এর আগে রাস্তায় আন্দোলন করে আমরা সফল হয়েছি। 

“কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠেই মনে হলো এখন তো কোনো সরকার নেই। রাস্তায় পুলিশ নেই। এজন্যই নিজের দায়িত্ববোধ থেকে রাস্তায় এসে দেখে আমার মতো আরো অনেক ছাত্র ভাইয়েরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে।”

ফাহিম বলেন, “আমি আসি সকাল ১১টায়, কেউ কেউ আগে থেকেই এখানে কাজ করছে। সবাই মিলে চেষ্টা করছি সড়ক নিয়ন্ত্রণে রাখার। কারণ দেশটা তো আমাদের সবার।"

বিজয় সরণি চত্বরেই তাদের অন্তত ২০ জন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে বলে জানান ফাহিম।

মহাখালী রেলগেইটে অন্তত ১০ শিক্ষার্থীকে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতে দেখা যায়। 

তাদের মধ্যে নাহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই দেশের জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। আন্দোলন করে সরকার পতন করিয়েছি। এবার দেশ গঠনে সবাই মিলে কাজ করব।"

হাতিরঝিলের এফডিসি মোড়ে দেখা যায়, 'ভালো কাজের হোটেল' টি-শার্ট পরা কয়েকজন তরুণ ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। 

তাদের একজন মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এখানে ৮ জন স্বেচ্ছাসেবী কাজ করছি। ঢাকার কয়েকটা জায়গায় আমাদের স্বেচ্ছাসেবীরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। 

“সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা কাজটি করছি। যেহেতু এখন সড়কে ট্রাফিক নাই, তাই আমরা এ দায়িত্ব পালন করছি।"

মনিরুজ্জামান জানান, “ভালো কাজের হোটেল মূলত স্বেচ্ছাসেবী সংগঠন। ঢাকার নয়টি জায়গায় তারা ভালো কাজ করার বিনিময়ে দরিদ্র মানুষকে খাবারের ব্যবস্থা করে। পাশাপাশি বিভিন্ন রকম সামাজিক সেবামূলক কাজ করে।”