১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৭ মাসে ২ হাজার ফোন সুপ্রিম কোর্টের হেল্পলাইনে

৩৪টি কল আসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2025, 10:20 PM

Updated : 26 Aug 2026, 12:33 PM

সুপ্রিম কোর্টের হেল্পলাইনে গত সাত মাসে ২ হাজার ২৬টি অভিযোগ এসেছে, যার প্রায় অর্ধেকই আসে আইনি পরামর্শ পেতে।

সোমবার সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ হাজার ৬৮টি কল আসে আইনি পরামর্শ পেতে। বিভিন্ন তথ্য জানতে কল আসে ৭৭১টি। 

“বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য হেল্পলাইনের মাধ্যমে অভিযোগ আসে ৩৪টি। এসব অভিযোগ সুপ্রিম কোর্টের এখতিয়ারে না থাকায় হেল্পলাইনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগকারীকে করণীয় সম্পর্কে পরামর্শ দেন।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের হেল্প লাইনের আদলে দেশের বিভিন্ন জেলা আদালতেও হেল্পলাইন নাম্বার চালু রয়েছে। 

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে সুপ্রিম কোর্ট গত ২৬ সেপ্টেম্বর দুটি হেল্পলাইন চালু করে। 

এসব নাম্বারে (০১৩১৬১৫৪২১৬ ও ০১৭৯৫৩৭৩৬৮০) সরাসরি ফোন কল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যায়। 

রোববার হতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একজন কর্মকর্তা এ হেল্পলাইন পরিচালনা করেন।