০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিদেশে কত কর্মী গেল, সেটা অভিবাসনের ‘সাফল্য নয়’: টুকসা

“অতীতে যেসব ব্যবস্থা অভিবাসী কর্মীদের শোষণ করেছে, সেসব ব্যবস্থায় ফেরাটা কোনো সমাধান নয়,” বলা হয় অ্যালায়েন্সের ঘোষণাপত্রে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 06:26 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

বিদেশে কত কর্মী পাঠানো হলো, শুধু সেটি দিয়ে শ্রম অভিবাসনের সাফল্য মাপাটা উচিত নয় বলে মনে করে ‘ট্রেড ইউনিয়ন সিভিল সোসাইটি অ্যাকশন অ্যালায়েন্স’ (টুকসা)।

অভিবাসী শ্রমিকদের নিয়ে কাজ করার উদ্দেশ্যে নবগঠিত প্ল্যাটফর্মটি বলেছে, কর্মীরা নিরাপদে বিদেশ যেতে পারছেন কিনা; ন্যায্য নিয়োগের সুযোগ পাচ্ছেন কি না; কর্মক্ষেত্রে তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত হচ্ছে কি না— এসব বিষয়ও বিবেচনায় নিতে হবে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অ্যালায়েন্সটি আত্মপ্রকাশ করে। এর আহ্বায়ক হিসেবে আছেন শাকিল আখতার চৌধুরী। 

প্ল্যাটফর্মটির ঘোষণাপত্র পাঠ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মহিলা কমিটির সাধারণ সম্পাদক নাসরিন আক্তার দিনা। 

সেখানে বলা হয়, বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা বা নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ।

“কিন্তু অতীতে যে ব্যবস্থাগুলো অভিবাসী কর্মীদের শোষণ ও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে, সেই একই ব্যবস্থায় ফিরে যাওয়া কোনো সমাধান নয়। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এমন একটি অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে কর্মীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা সর্বোচ্চ গুরুত্ব পায়।”

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক, টুকসার উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সুলতান উদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশের অভিবাসী শ্রমিকরা যাওয়ার প্রক্রিয়াতে হয়রানির শিকার হচ্ছে এবং ওখানে গিয়েও নানা দুর্ঘটনার শিকার হচ্ছে।

“সড়ক দুর্ঘটনা এবং কারখানা দুর্ঘটনায় বেশি মৃত্যুর তালিকায় এখন বাংলাদেশ। এর মূল কারণ তাদের মজুরি খুব কম। সুতরাং তাদেরকে খুব সস্তার জায়গায় থাকতে হয়। আর অনেকেই তাদের মধ্যে হয়তো সমস্ত বৈধ-কাগজপত্র নিয়ে যায় না, যার জন্য তাদেরকে অনেক সময় লুকিয়ে এমন জায়গায় থাকতে হয়, যেটা নিরাপদ নয়।”

টুকসার উপদেষ্টা হিসেবে আছেন ওয়্যারবী ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক।

তিনি বলেন, “আমরা মনে করেছি যে, অভিবাসী শ্রমিক যারা ফেরত আসছে তারা কেন ইউনিয়নের মেম্বার হতে পারবে না? সে দাবি নিয়েই আমরা কাজ শুরু করি এবং এলাইন্স আমরা করতে পেরেছি।”

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরামের সভাপতি রিয়াজ উদ্দীন খানও বক্তব্য রাখেন।