Published : 04 Feb 2026, 05:53 PM
এটুআইয়ের জাতীয় সহায়তা নম্বর ৩৩৩ এ ফোন করে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্য নিতে পারবেন নাগরিকরা। সেইসঙ্গে একই নম্বরে ফোন করে নির্বাচন সংক্রান্ত অনিয়ম, সহিংসতা বা সহিসংতার শঙ্কার তথ্য বা খবরও দিতে পারবেন তারা।
ভোট ঘিরে সঠিক, নির্ভরযোগ্য ও যাচাই করা তথ্য নিশ্চিত করতে এ সহায়তা নম্বর চালু রয়েছে বলে বুধবার এক তথ্য বিবরণীতে বলেছে সরকার।
সেখানে বলা হয়, দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল ফ্রি নম্বর ৩৩৩ এ ফোন করে ৯ চেপে নাগরিকরা সহজেই নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন।
এ সেবার আওতায় ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার নিয়ম, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধার পাশাপাশি জরুরি নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কে জানা যাবে।
এছাড়া নির্বাচন কমিশনের নির্ধারিত ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ ও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে এ নম্বর থেকে।
গত ১৬ জানুয়ারি থেকে পাইলট আকারে চালু হওয়া এ সেবায় ১ হাজার ৬৪৩ জন নাগরিক তথ্য ও সহায়তা চেয়েছেন।
তথ্যবিবরণীতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত তথ্য গ্রহণ, সম্ভাব্য অস্থিরতা আগেই শনাক্ত করা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করার একটি সহায়ক মাধ্যম হিসেবে ৩৩৩ এ ৯ নম্বর ব্যবহারের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। তবে এটি সরাসরি পুলিশ কন্ট্রোল রুম হিসেবে কাজ করবে না। বরং একটি ‘ইনফরমেশন ইনটেক, আর্লি ওয়ার্নিং এবং ফরওয়ার্ডিং সিস্টেম’ হিসেবে কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী প্রাপ্ত তথ্য ৯৯৯ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
সহায়তা নম্বর ৩৩৩ নির্বাচন সংক্রান্ত বিভ্রান্তি, গুজব ও ভুল তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার।