শেখের টেকে ভবনের আগুন নিয়ন্ত্রণে
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
ঢাকার মোহাম্মদপুরের শেখের টেকে ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে রাত পৌনে ১২টার দিকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে এসেছে, এখন তা পুরোপুরি নেভানোর কাজ চলছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শেখের টেকের ১০ নম্বর রোডে ছয়তলা ওই ভবনের দোতালায় আগুনের সূত্রপাত হয় বলে তারা জানতে পারেন।
তিনি বলেন, যে ফ্লোরে আগুন লেগেছে, তার দুটি ইউনিটের একটিতে রয়েছে গার্মেন্ট কারখানা, অন্যটি আবাসিক।
খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয় বলে জানান রাফি আল ফারুক।
তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি।
