Published : 12 Oct 2025, 05:17 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার বান্ধবীকে আটকে রেখে মারধরের মামলায় জামিন পেয়েছেন বেসরকারি ছাত্রীনিবাস ‘স্বপ্ননিবাস হোস্টেল’র পরিচালক রাজিয়া বেগম।
রোববার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ওই আবাসিক শিক্ষার্থী গত ৭ সেপ্টেম্বর স্বপ্ননিবাস হোস্টেলে গিয়েছিলেন তেজগাঁও কলেজের এক ছাত্রীর অতিথি হিসেবে। অতিথির জন্য আলাদা ভাড়া চাওয়া নিয়ে তাদের সঙ্গে ছাত্রীনিবাস পরিচালক রাজিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের মারধর করা হয় বলে মামলায় অভিযোগ করেছেন তেজগাঁও কলেজের ছাত্রী।
ওই রাতেই আসামিকে ফার্মগেটের ইন্দিরা রোড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন করা হয়।
এদিন শুনানিকালে রাজিয়া বেগমকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী রহিম মিয়া জামিন চেয়ে শুনানি করেন। এসময় তার সঙ্গে ছিলেন আইনজীবী শর্মিলা শর্মা ও রাহুল দ্রাবিড় শর্মা।
আদালত শুনানি নিয়ে এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আইনজীবী শর্মিলা শর্মা।
মামলার বিবরণ অনুযায়ী, ‘স্বপ্ননিবাস হোস্টেলে’ অতিথি থাকলে অতিরিক্ত টাকা দিতে হবে, এ বিষয়টি সেখানকার বাসিন্দা তেজগাঁও কলেজের ছাত্রীকে জানানো হয়নি। ঘটনার রাতে তার বান্ধবী হোস্টেলে এলে ভাড়া বাবদ ৪০০ টাকা দাবি করা হয়। এ নিয়ে হোস্টেলটির পরিচালক রাজিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। ফোন পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর ভাই তাকে আনতে গেলে ওই ছাত্রীকে আটকে রাখা হয়। তখন ফের বিতণ্ডার একপর্যায়ে বাদী ও তার বান্ধবীকে মারধর করা হয়, ছিনিয়ে নেওয়া হয় ৮ হাজার টাকা।
ঢাবি ছাত্রীকে মারধর: 'স্বপ্ননিবাস হোস্টেল' পরিচালক কারাগারে
ঢাবি ছাত্রীকে ‘আটকে রেখে মারধর’, স্বপ্ননিবাস হোস্টেলের পরিচালক গ্রেপ্তার