১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাবি ছাত্রীকে মারধর: ‘স্বপ্ননিবাস হোস্টেল’ পরিচালক কারাগারে

ছাত্রীকে মারধরের অভিযোগে মিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

ঢাবি ছাত্রীকে মারধর: ‘স্বপ্ননিবাস হোস্টেল’ পরিচালক কারাগারে
‘স্বপ্ননিবাস হোস্টেল’ এর পরিচালক রাজিয়া বেগম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 07:23 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার বান্ধবীকে আটকে রেখে মারধরের অভিযোগে বেসরকারি ছাত্রীনিবাস ‘স্বপ্ননিবাস হোস্টেল’ এর পরিচালক রাজিয়া বেগমকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মহানগর হাকিম আবদুল ওয়াহাব এ আদেশ দেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বলেন, তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই শামসুজ্জোহা সরকার তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামির আইনজীবী জামিন আবেদন করেন। পরে বিচারক বৃহস্পতিবার জামিন শুনানির দিন ধার্য করে রাজিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে মারধরের অভিযোগে মঙ্গলবার রাতে তেজগাঁও কলেজের পাশে ‘স্বপ্ননিবাস হোস্টেল’ থেকে পরিচালক রাজিয়া বেগমকে আটক করা হয়। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা করেন ওই ছাত্রীর বান্ধবী তেজগাঁও কলেজের আরেক ছাত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ওই আবাসিক শিক্ষার্থী স্বপ্ননিবাস হোস্টেলে গিয়েছিলেন তেজগাঁও কলেজ ছাত্রীর অতিথি হিসেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হল বন্ধ থাকায় আমি আমার বান্ধবীর কাছে গেলে হোস্টেল পরিচালক আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

“পরে আমি আমার ভাইকে জানালে তিনি যখন আমাকে আনতে যায়, তখন গেইট বন্ধ করে দিয়ে আমাকে মারধর করে। পরে আমার ভাই পুলিশকে জানানোর পর পুলিশ আমাদেরকে সেখান থেকে উদ্ধার করে।”

মামলায় অভিযোগ করা হয়, ‘স্বপ্ননিবাস হোস্টেলে’ অতিথি থাকলে অতিরিক্ত টাকা দিতে হবে, এ বিষয়টি হোস্টেলটিতে থাকা তেজগাঁও কলেজ ছাত্রীকে জানানো হয়নি। মঙ্গলবার রাত ৯টার দিকে তার বান্ধবী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গেলে ভাড়াবাবদ ৪০০ টাকা দাবি করা হয়। এ নিয়ে হোস্টেলটির পরিচালক রাজিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। ফোন পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর ভাই তাকে আনতে গেলে ওই ছাত্রীকে আটকে রাখা হয়। তখন ফের বিতণ্ডার একপর্যায়ে দুই ছাত্রীকে মারধর ও ৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।