১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের সোয়েব ৫ দিনের রিমান্ডে

দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে শনিবার এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 07:51 PM

Updated : 17 Sep 2026, 02:55 AM

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজি সোনার বার জব্দের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব কাজী সজীবকে পাঁচ দিনের রিমান্ড পাঠিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন রিমান্ডের আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর ছিদ্দিক এ তথ্য দিয়েছেন।

শনিবার সোয়েব কাজীর প্যান্টের বেল্টের মধ্যে ‘লুকানো অবস্থায়’ ১২০টি সোনার বার পাওয়া যায়। এসব বারের ওজন ১৩ দশমিক ৯২ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।

এ ঘটনায় কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা জামিল সারোয়ার আহাদ বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

৩১ বছর বয়সি সোয়েব বরগুনা জেলার আমতলী উপজেলার কাছুবানিয়া গ্রামের ফিরোজ কাজীর ছেলে। 

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার ইন্সপেক্টর শরীফ হোসেন রোববার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, “আসামি একটি আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য এবং সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ক্ষতি সাধন করে আসছেন।” 

ঘটনার হোতা এবং তার সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আসামিকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

সোয়েবের আইনজীবী মো. শহিদুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল করে তার জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

শুনানি নিয়ে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়।

মামলার বিবরণীতে বলা হয়, শনিবার দুপুরে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাস্টমস, এনএসআই, ডিএফআই ও সিআইডিসহ গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। 

এ সময় বিমানের ক্যাবিনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা সোয়েব তার শরীরে লুকানো স্বর্ণের বার দৌড়ে গিয়ে বিমানের ক্যাবিনে ফেলে দেয়। পরে সেখান থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আরও পড়ুন:    

শাহজালালে এবার ১৪ কেজি সোনার বার জব্দ