ডেঙ্গু: মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ছাড়াল ৪৫ হাজার
এ বছর মোট ১৮৮ জনের মৃত্যু হয়েছে এই রোগে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫১৪ জন রোগী।
তাতে এ বছর মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫ হাজার ২০৬ জনে।
এ বছর মোট ১৮৮ জনের মৃত্যু হয়েছে এই রোগে।
স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের নিয়ে সেপ্টেম্বর মাসে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৭৩০ জন। এক মাসে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা এ বছর সর্বোচ্চ।
এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। ২১ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৩৫৫ জন রোগী।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৬৬ জনের মৃত্যুও হয়েছে সেপ্টেম্বর মাসে। এর আগে জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছিল।
এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ১৭৫ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।
এ ছাড়া ঢাকা বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯০ জন, রাজশাহী বিভাগে আট জন এবং বরিশাল বিভাগে ১১৫ জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৪৭ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৪৭ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৩০০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
