Published : 17 Jul 2026, 03:42 PM
পুরান ঢাকায় ড্রেন পরিষ্কার করতে নেমে নিখোঁজ হওয়ার ২৫ ঘণ্টা বাদে মিলন নামের এক ডুবুরির লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে পুরান ঢাকার ৩০ নম্বর ওয়ার্ডের নলগলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
সংস্থার নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ দুপুর ২টা ৩০ মিনিটে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।”
বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী ওই এলাকায় ড্রেন পরিষ্কার করছিলেন। মিলন ম্যানহোলে নামার ঘণ্টাখানেক পরে (দুপুর ১টার পর) ডুবুরির রশি ছিঁড়ে গেলে পর শুরু হয় খোঁজাখুঁজি। সহকর্মীরা খোঁজাখুঁজি করে হদিশ না পেয়ে চেষ্টার পর খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করে। প্রায় ২৫ ঘণ্টার চেষ্টায় তার লাশ উদ্ধার করা সম্ভব হয়।
স্থানীয় বাসিন্দা মোজাহিদুল ইসলাম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক পরিচ্ছন্নতাকর্মী ম্যানহোল পরিষ্কার করতে নেমে ভেতরের বিষাক্ত গ্যাস ও প্রতিকূল অবস্থার কারণে নিখোঁজ হয়ে যান।
“ম্যানহোলের ভেতরে ঐ লোক নামার পর ঘণ্টাখানেক যাওয়ার পর থেকে খোঁজাখুঁজি শুরু হয়। আজকে দুপুরের পরে প্রায় ৪০০ মিটার দূরে ড্রেনের ভেতরে আটকে ছিল। রাস্তা খুঁড়ে খুঁড়ে সামনের দিকে গিয়ে তার সন্ধান মেলে।”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শক রাশেদুর রহমান রাসেল শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল দুপুর ১টার পরে আমরা নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। সরকারি-বেসরকারিভাবে বেশ কয়েকটি সংস্থা কাজ করছে, আজকে নলগোলা থেকে বেড়িবাঁধ পর্যন্ত রাস্তা কেটে তার লাশ বের করা হয়েছে।”
সিটি করপোরেশনের উপস্থিত কর্মীরা জানান, এই কাজের ঠিকাদার ছিলেন বাবু নামের একজন। কাজটি পরিচালনা করেছিলেন মোনা। আর ডুবে গিয়ে মারা যাওয়া ব্যক্তির নাম মিলন, তাকে ডুবুরি মিলন বলেই সবাই ডাকত।