২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধির বিদায়ী সাক্ষাৎ

ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আখতার হোসেনও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধির বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার গণভবনে বিদায়ী সাক্ষাৎ করেন বিশ্ব ব্যাংকের বিদায়ী আবাসিক প্রতিনিধি মার্সি মিয়াং টেম্বন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 09:32 PM

Updated : 24 Aug 2022, 09:32 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নসহ বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেছেন বিশ্ব ব্যাংকের বিদায়ী আবাসিক প্রতিনিধি মার্সি মিয়াং টেম্বন।

বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাতে তিনি এই প্রশংসা করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

টেম্বন ২০১৯ সালের ১ জুলাই থেকে বাংলাদেশ ও ভুটানের আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

বৈঠকে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জানান, তিনি বাংলাদেশের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন এবং তৃণমূল পর্যায়ে উন্নয়ন দেখে অভিভূত হয়েছেন।

কুমিল্লার একটি গ্রামের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ছোট ছোট বাড়ি দেখে খুশি হয়েছেন যেখানে প্রতিটি পরিবার তাদের বাড়ির চত্বরে গাছ লাগিয়েছে এবং সবজি চাষ করছে। তিনি আশ্রয়ণ প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানান।

শেখ হাসিনা বলেন, “এই প্রকল্পের আওতায় দেওয়া বাড়ির মালিক স্বামী-স্ত্রী উভয়েই এবং তারা তাদের বাড়ির জমি সবজি চাষে ব্যবহার করছেন।

টেম্বন বলেন, কোভিড ১৯ মহামারী চলাকালীন কৃষকদের সাহায্য করার জন্য শিক্ষার্থী এবং অন্যান্যরা ধান কাটার কাজে নিজেদের জড়িত করেছেন দেখে তিনি খুবই খুশি হয়েছেন।

প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের তথ্য তুলে ধরেন।

নারীর উন্নয়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কাজটি এত সহজ ছিল না এবং এজন্য তার সরকারকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে নারী উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, তার সরকার বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে নারীর সমঅধিকার নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

নারীর অগ্রগতির বাধা দূর করায় খেলাধুলা ও কর্মসংস্থানসহ সব ক্ষেত্রে নারীর উপস্থিতি নিশ্চিত করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।

পরে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আখতার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিশ্ব ডায়াবেটিক ফেডারেশন কংগ্রেসে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন তিনি।

ডিসেম্বরে পর্তুগালে এ কংগ্রেস হবে যেখানে প্রধানমন্ত্রীকে ডায়াবেটিসের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর বা ‘বৈশ্বিক দূত’ ঘোষণা করা হবে।

তাকে এ সম্মান জানানোয় বিশ্ব ডায়াবেটিস ফেডারেশনের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

ফেডারেশনের সভাপতি প্রধানমন্ত্রীকে তাদের কার্যক্রমের কথা জানান। জাতীয় অধ্যাপক আবুল কালাম আজাদ খান এসময় উপস্থিত ছিলেন।