পুনর্গঠিত বাংলা একাডেমির নির্বাহী পরিষদে আছেন যারা
নির্বাহী পরিষদের সদস্যদের তিন বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার পুনর্গঠন করা হয়েছে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ।
গত মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
এতে বলা হয়, বাংলা একাডেমি ২০১৩ (২০১৩ সালের ৩৩ নং আইন) এর ২৩ (১) ধারার ‘ঘ’ এবং ‘ঙ’ উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলা একাডেমির নির্বাহী পরিষদের সদস্য হিসেবে তিন বছরের মনোনয়ন দেওয়া হয়েছে।
নির্বাহী পরিষদের সদস্য মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রাক্তন অধ্যাপক ফেরদৌস আজিম (বর্তমানে চেয়ারপারসন, ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ, ব্র্যাক ইউনিভার্সিটি)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান (বর্তমানে পরিচালক, মাতৃভাষা ইনস্টিটিউট), ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক উপমা কবির।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অনিন্দ্য ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আরশাদ মোমেন (বর্তমানে অধ্যাপক, তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি)।
এর আগে গত বছরের ১০ জুলাই তিন বছরের জন্য বাংলা একাডেমির নির্বাহী পরিষদ গঠন করা হয়েছিল। সেই পরিষদকে বাতিল করে এবার নতুন পরিষদ গঠন করা হয়েছে।
আগের পরিষদে সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বায়তুল্লাহ্ কাদেরী, ঢাবি ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফিরোজা ইয়াসমীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক মো. আবু জাফর, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অলোক কুমার পাল, চিকিৎসক ডা. বরেন চক্রবর্তী এবং বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস আলী।
এদিকে গত বৃহস্পতিবার বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন পদত্যাগ করায় এ পদেও মনোনয়নের ব্যাপারটি প্রক্রিয়াধীন বলে একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, নতুন করে একাডেমির নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। একাডেমির সভাপতি সেলিনা হোসেন পদত্যাগ করেছেন। তার জায়গায় শিগগিরই নতুন সভাপতি মনোনয়নের ব্যাপয়ারটিও প্রক্রিয়াধীন রয়েছে।
