২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংহতি’ জানিয়ে আমিরাতের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর চিঠি

আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের সমর্থনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানান।

‘সংহতি’ জানিয়ে আমিরাতের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর চিঠি
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি বুধবার আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

বিডিনিউজ২৪

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 02:39 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ক্ষয়ক্ষতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রতি সংহতি জানিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির বুধবার আবুধাবিতে এক বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে পত্রটি হস্তান্তর করেন। 

দেশটির সরকারি বার্তা সংস্থা আমিরাত নিউজ এজেন্সি এক প্রতিবেদনে বলেছে, বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর পাশাপাশি মধ্যপ্রাচের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। 

সংবাদ মাধ্যমটি লিখেছে, “শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং হুমায়ুন কবির বিনা উসকানিতে ইরানের সন্ত্রাসী ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, যেসব দেশ এসব হামলার লক্ষ্যবস্তু হয়েছে, নিজেদের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং তাদের নাগরিক ও দর্শনার্থীদের নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে তাদের রয়েছে।”

প্রতিবেদনে বলা হয়, “হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে নেওয়া সব পদক্ষেপের প্রতি সমর্থন জানান।

“অন্যদিকে শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের প্রতি বাংলাদেশের এ সমর্থনের জন্য হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানান।”

শেখ আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বন্ধুপ্রতিম বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 

তিনি বলেন, এ ধরনের সহযোগিতা দুই দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা করবে এবং উভয় দেশের জনগণের উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়ক হবে।

অন্যদের মধ্যে আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।