ফারইস্ট লাইফের টাকা আত্মসাৎ: সাবেক চেয়ারম্যানসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
জমি কেনাবেচার লেনদেনের আড়ালে ৪৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জমি কেনাবেচার অর্থ থেকে ৪৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে কোম্পানিটির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ সংস্থার উপপরিচালক সৈয়দ আতাউল কবির মামলাটি দায়ের করেন।
কমিশনের উপপরিচালক আকতারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামলাটি করার তথ্য দেন।
মামলার অভিযোগ করা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে রাজধানীর তোপখানা রোডের ৩৩ দশমিক ৫৬ শতাংশ জমি ও একটি ভবন ২০৭ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকায় কেনাবেচা করেন। তবে এ লেনদেনের আড়ালে ৪৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার করা হয়। ঘটনাটি ঘটে ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে।
মামলার আসামিরা হলেন- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক পরিচালক এম এ খালেক, মো. হেলাল মিয়া, শারিয়ার খালেদ, নাজনীন হোসেন, খন্দকার মোস্তাক মাহমুদ, ডা. মো. মনোয়ার হোসেন, কে এম খালেদ, অধ্যাপক ইফফাৎ জাহান, মো. মিজানুর রহমান, মোজাম্মেল হোসেন, রাবেয়া বেগম, ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন, কাজী ফরিদ উদ্দিন আহমেদ, মো. হেমায়েত উল্লাহ, সৈয়দ আব্দুল আজিজ, ইঞ্জিনিয়ার আমির হোসেন, তাসলিমা ইসলাম, সাবিহা খালেক, সারওয়াত খালেদ সিমিন, মো. আজহার খান, মো. সোহেল খান, গোলাম কিবরিয়া ও এস এম মোর্শেদ।
এমআরটি প্রকল্পে জমি অধিগ্রহণের নামে টাকা ’আত্মসাৎ’
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) উন্নয়ন প্রকল্পের লাইন-১ এর আওতায় রূপগঞ্জে ভূমি অধিগ্রহণ কার্যক্রমে জালিয়াতির মাধ্যমে প্রায় পৌনে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্থানীয় এক বাসিন্দা মো. রিয়াজ উদ্দীনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক।
উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, রূপগঞ্জের পিতলগঞ্জ মৌজায় ‘ডিপো এক্সেস করিডোর নির্মাণের’ জন্য ভূমি অধিগ্রহণ করার কাজে দুর্নীতির এ অভিযোগ ওঠে।
''রিয়াজ উদ্দীন প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের নামে সরকারি কোষাগার থেকে ৪ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৪১৮ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। প্রাথমিক অনুসন্ধানে এ অভিযোগ প্রমাণিত হয়েছে।''
তিনি বলেন, ''রিয়াজ উদ্দীন দাবি করেন, সংশ্লিষ্ট জমির মূল দলিল হারিয়ে গেছে। এ জন্য তিনি রূপগঞ্জ থানায় পাঁচটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তিনি সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলগুলোর সার্টিফায়েড কপি সংগ্রহ করে জমা দেন এবং ক্ষতিপূরণের অর্থ উত্তোলন করেন। তবে দুদকের অনুসন্ধানে দেখা যায়, ওই জমি ইতোমধ্যেই সোনালী ব্যাংকের কাছে বন্ধক রাখা হয়েছিল এবং ওই বন্ধকি দলিল এখনও কার্যকর রয়েছে।''
এমন প্রতারণা ও জালিয়াতির ঘটনায় রিয়াজের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে তুলে ধরেন আকতার।
