২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে থাকবে খালেদা জিয়ার কফিন

সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2025, 12:37 AM

Updated : 26 Aug 2026, 05:27 PM

জানাজার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কফিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে রাখা হবে বলে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে।

মঙ্গলবার রাত পৌনে ১২টায় প্রধান উপদেষ্টার প্রেস অফিস সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বুধবার জোহর নামাজের পর বেলা ২টার দিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা হওয়ার কথা রয়েছে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা হবে।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার জানাজা ও দাফন অনুষ্ঠান হবে রাষ্ট্রীয় মর্যাদায়। এজন্য নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশের সড়কগুলোতেও জনসাধারণের অবস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

জানাজার পর বিকাল সাড়ে ৩টার দিকে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে।

দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে নির্ধারিত ব্যক্তি ছাড়া অন্য কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফন শেষ না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত থাকবে।