২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে সড়কে ভাই-বোন গুলিবিদ্ধ

জসিম উদ্দিন কিছুদিন আগে ওই এলাকার ছিনতাইকারী গ্রুপের একজনকে পুলিশে ধরিয়ে দেয়, ওই ঘটনার জেরে তাকে গুলি করা হয়েছে বলে ধারণা করছে পরিবারের সদস্যরা।

পল্লবীতে সড়কে ভাই-বোন গুলিবিদ্ধ
ফাইল ছবি।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2025, 04:19 PM

Updated : 26 Aug 2026, 11:49 AM

রাজধানীর পল্লবীতে ‘পূর্ব বিরোধের জেরে’ দুই ভাই-বোন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পল্লবী থানার এসআই মিজানুর রহমান জানিয়েছেন, শনিবার ভোরে পল্লবীর ১১ নম্বর সেকশনের ১ নম্বর রোডে নিজের বাসার কাছে গুলিতে আহত হয়েছেন মো. জসিম উদ্দিন (৪৪) ও তার ছোট বোন শাহিনুর বেগম (৩০)। জসিম উদ্দীন পেশায় একজন টিভি শো রুমের ব্যবসায়ী।

এসআই মিজানুর রহমান বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে। আমরা অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেব।"

জসিম উদ্দিন কিছুদিন আগে ওই এলাকার ছিনতাইকারী গ্রুপের একজনকে পুলিশে ধরিয়ে দিয়েছিল, ওই ঘটনার জেরে তাকে গুলি করা হয়েছে বলে ধারণা করছে পরিবারের সদস্যরা।

জসীমউদ্দীনের স্ত্রী হেনা আক্তার ও ভাগ্নে শাকিল আহমেদ বলেছেন, ভোরে শবে বরাতের নামাজ পড়ে মসজিদ থেকে বাসায় যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে।

হেনা বলেন, “ওই সময় একই এলাকার শরিফ, তুহিন, শহিদুল, সুজন, রিয়াজ, ব্লেড রনির সঙ্গে তার (জসিম উদ্দিনের) কথা কাটাকাটি হয়। তখন শহিদুল জসিমকে গুলি করে।"

ভাইয়ের গুলিবিদ্ধ খবর পেয়ে শাহিনুর ছুটে আসলে তাকেও গুলি করা হয় বলেন ভাগ্নে শাকিল আহমেদ জানিয়েছেন।

ভাবি-বোন দুজনেরই ডান পায়ের হাটুর নিচে গুলি লাগে জানিয়ে শাকিল বলেছেন, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শাকিল বলেছেন, জসিম উদ্দিন বেশ কিছুদিন আগে ওই এলাকার ছিনতাইকারী গ্রুপের একজনকে পুলিশে ধরিয়ে দেয়। 

"ধারণা করা হচ্ছে এরই সূত্র ধরে সন্ত্রাসীরা গুলি করে।"