তিন আন্তর্জাতিক সংস্থার নির্বাচনে আলজেরিয়ার সমর্থন চাইল বাংলাদেশ
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত।
আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও) কাউন্সিল, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আসন্ন নির্বাচনে আলজেরিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ।
আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করতে গেলে তার কাছে এ অনুরোধ জানানো হয়।
প্রধান উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতকালে রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আলজেরিয়ার ‘পূর্ণ সমর্থন’ পুনর্ব্যক্ত করেন এবং প্রধান উপদেষ্টা ইউনূসকে উত্তর আফ্রিকার দেশটি সফরের আমন্ত্রণ জানান।
প্রধান উপদেষ্টাও তার আলজেরিয়ার সমমনা প্রতিনিধিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আলজেরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদের ঢাকায় পাঠানোর আহ্বান জানান।
বৈঠকে রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে এবং আগামী মার্চে আলজেরিয়ার জ্বালানি মন্ত্রী ঢাকা সফর করবেন।
তিনি বলেন, বাংলাদেশের টেক্সটাইল, পাটজাত পণ্য, ওষুধ, খাদ্য ও ইলেকট্রনিকস পণ্যের আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে আলজেরিয়া।
সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বি এম জামাল হোসেন সাক্ষাতকালে উপস্থিত ছিলেন।
