১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

প্রয়াত মন্ত্রী নাসিমের স্ত্রী-সন্তানসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে তথ্য মিলছে, বলছে দুদক।

প্রয়াত মন্ত্রী নাসিমের স্ত্রী-সন্তানসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মো. নাসিমের ছেলে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক এমপি তানভীর শাকিল জয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2025, 06:06 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রয়াত মো. নাসিমের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু ও ছেলে সাবেক এমপি তানভির শাকিল জয়সহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের আবেদনে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন, নাসিমের আরেক ছেলে তমাল মনসুর ও জয়ের স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী এবং নাসিমের একান্ত সচিব মীর মোশাররফ হোসেন।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক আফরোজা হক খান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, তানভির শাকিল জয় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে লেনদেন করেন। তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধানে তিন সদস্যের টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানে অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে তথ্য মিলছে। তারা বিদেশে পালিয়ে গেলে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে বিলম্ব হবে এবং অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।