Published : 12 Sep 2026, 06:03 PM
ডেঙ্গু প্রতিরোধ অভিযানের প্রথম দিনে ঢাকার ধানমন্ডিতে রাপা প্লাজার পার্কিংয়ে এইডিস মশার লার্ভা মেলায় ভবন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
একইসঙ্গে ওই এলাকায় মশক নিধন কার্যক্রমে গাফিলতির অভিযোগে সিটি করপোরেশনের এক কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
শনিবার ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বরখাস্ত হওয়া কর্মীর নাম সুশীল চন্দ্র রবিদাস। তিনি ডিএসসিসির অঞ্চল-১ এর আওতাধীন ১৫ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মী ছিলেন।
এদিন সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচির ধারাবাহিকতায় অভিযানে নামে ডিএসসিসি।
নগর সংস্থা বলছে, মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা বরদাশত করা হবে না। একইসঙ্গে দায়িত্ব পালনে গাফিলতি করলে সিটি করপোরেশনের কর্মীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজ নিজ স্থাপনা, পার্কিং, ছাদ বা নির্মাণাধীন ভবনে পানি জমতে না দেওয়ারও আহ্বান জানিয়েছে ডিএসসিসি।