ময়মনসিংহের সাবেক এমপি ধনু কারাগারে
ঢাকার আফতাবনগর এলাকা থেকে বুধবার গভীর রাতে ধনুকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে এক ছাত্র হত্যার মামলায় ময়মনসিংহ-১১ আসনের (ভালুকা) সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মো. শরীফুজ্জামান এ তথ্য দিয়েছেন।
বুধবার রাত সোয়া ৩টার দিকে ঢাকার আফতাবনগর এলাকা থেকে ধনুকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি জানিয়েছে, গত ২৬ অগাস্ট যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান বৃহস্পতিবার দুপুরে সাবেক এমপি ধনুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার পক্ষে জামিনের আবেদন ছিল না।
জুলাই আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজারের রোডে মোহাম্মদ আরিফ চোখে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরিফ সে এলাকার লর্ড হার্ডিঞ্জ ফাজিল মাদ্রাসার আলিম প্রথমবর্ষের ছাত্র ছিলেন।
তার বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম দিয়ে মামলা করেন।
মামলার এজাহারভুক্ত ১৪ নম্বর আসামি ধনু।
ডিএমপি বলছে, সাবেক এই এমপি জুলাই অভ্যুত্থানের সময় হত্যা ও হামলার চারটি মামলার এজাহারভুক্ত আসামি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ধনু ময়মনসিংহ-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ভালুকা উপজেলা পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন:
