২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহের সাবেক এমপি ধনু ঢাকায় গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনের চার মামলার আসামি তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 02:53 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীররাতে ঢাকার আফতানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

সেখানে বলা হয়, গত ২৬ অগাস্ট যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই যাত্রাবাড়ীর কুতুবখালী বউবাজার রোডে মাদ্রাসার সামনে মোহাম্মদ আরিফ নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ ইউসুফ ২৪৩ জনের নামে মামলাটি করেন।

ওই মামলায় ১৪ নম্বর আসামি সাবেক এমপি কাজিম উদ্দিন।

ডিএমপি বলছে, সাবেক এমপি ধনু বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা ও হামলার চারটি মামলার এজাহারভুক্ত আসামি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ধনু ময়মনসিংহ-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ভালুকা উপজেলা পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।