শহীদ মিনারে স্বজনহারাদের আহাজারি, শেখ হাসিনার বিচার দাবি
“১৮ কোটি মানুষ যদি শান্তিতে থাকে, আমার ছেলে মারা যাওয়ায় দুঃখ নাই। আমার ছেলের উপর ১৮ কোটি মানুষের দোয়া আছে। তয় ওর মায়েরে বুঝাইতে পারি না,” বলেন এক বাবা।
সন্তানের গুলিবিদ্ধ ছবি হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়েছেন ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্বজনরা।
মঙ্গলবার বিকেলে অর্ধশতাধিক পরিবার জড়ো হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে।সেখানে নিহতদের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠে পুরো এলাকা।
‘প্রাণের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হল বাংলাদেশ, আমরা তোমাদের ভুলব না’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিক্ষক লেখক সাংবাদিক ও শিল্পী সমাজ। তাদের সহযোগিতায় ছিল জাতীয়তাবাদী ছাত্রদল। গত ১৫ বছরে ‘নিহত, গুমের শিকার’ ব্যক্তিদের ছবিও প্রদর্শন করা হয় শহীদ মিনার জুড়ে।
গত ১৯ জুলাই রাজধানীর নতুন বাজারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাহাদুর হোসেন মনির (২২)। সমাবেশে মনিরের বাবা আবু জাফর বলেন, “আমার চার সন্তানের এটাই ছোট সন্তান। এ সন্তানের প্রতি ভরসা ছিল। এ স্বৈরাচারের কারণে ছেলেটা গেল। আমি বাঁইচা থাকতে যদি বিচার দেখতে পাই, হাসিনা-কাদেরের যদি গলায় রশি লাগাইতে পারে, তাহলে শান্তি পাব।
“১৮ কোটি মানুষ যদি শান্তিতে থাকে, আমার ছেলে মারা যাওয়ায় দুঃখ নাই। আমার ছেলের উপর ১৮ কোটি মানুষের দোয়া আছে। তয় ওর মায়েরে বুঝাইতে পারি না। ওর মা এখনও অসুস্থ। কিছু খাওয়াতে পরি না। বিছানায় পড়ে আছে।”
গত ১৮ জুলাই সাভারে পুলিশের নির্বিচার গুলির পর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র আসহাবুল ইয়ামিনকে মুমূর্ষু অবস্থায় সাঁজোয়া যানের ওপরে নিয়ে ঘোরানো হয়। পরে জীবিত অবস্থায় সড়ক বিভাজকে ফেলে দেওয়া হলে সেখানেই মারা যান ইয়ামিন। সমাবেশে তার বাবা মো. মহিউদ্দীনও উপস্থিত হয়েছিলেন।
মহিউদ্দীন বলেন, “যেভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। তাকে ট্যাংকের উপর নিয়ে প্যানিক সৃষ্টি করে রাস্তায় ঘোরানো হয়েছে, যেভাবে তাকে ফেলে দেওয়া হয়েছে টেনেহিঁচড়ে। এটা কোনো সভ্য দেশে হতে পারে না। একজন জীবিত মানুষকে অমানবিকতা দেখানো হয়েছে, এটার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। আমি চাই না আমার মত কারো সন্তান এর মুখোমুখী হোক।”
তিনি বলেন, “৫ অগাস্ট পর্যন্ত আমার ছেলেকে রাজনৈতিক ট্যাগ, জঙ্গি বানানোর চেষ্টা করা হয়েছে সাভার থানা এবং আমাদের গ্রামের বাড়িতে। আমি সেটা গর্বের সঙ্গেই বলতে পারি। আমার ছেলেকে যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল করে।”
গত ৪ অগাস্ট যাত্রাবাড়ীতে মারা যান রেজাউল করিম নামে এক তরুণ। তার বাবা আল আমিন মীর বলেন, “আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফোন করা হয়, আমি পৌঁছে দেখি স্ট্রেচারে শুইয়ে রাখা হয়েছে, কোনো চিকিৎসা নাই। পরে বিনা কাগজে দিয়ে দিছে।
“গুলিবিদ্ধ লাশ কবরে দাফন করতে চায় না পুলিশের ছাড়পত্র ছাড়া। কিন্তু থানায় গিয়ে বললেও তারা তদন্ত করতে আসেনি, কোনো সহযোগিতা করেনি। পরে চেয়ারম্যান অফিসে গেছি, তারা সার্টিফিকেটে লিখছে এটা নাকি সাধারণ মৃত্যু। যাই হোক এ রকম মৃত্যুর ঘটনা যেন আর কারো সঙ্গে না হয়।”
সমাবেশের শুরুতে সকল ‘শহীদদের’ প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
সাংবাদিক এহসান মাহমুদের সঞ্চালনায় সভায় সংহতি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মঈন খান, যুগ্মমহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ বিএনপি এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে তারা কোনো বক্তব্য দেননি।
