১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক মিঠুর বিদেশযাত্রায় বাধা চলাচলের স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন: ওকাব

“এটি সাংবাদিকদের মনে ভয় ও শঙ্কা তৈরির একটি চেষ্টা,” বিবৃতিতে বলেছে ওকাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 08:53 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

চীন যাওয়ার পথে বিমানবন্দরে অনলাইন নিউজ পোর্টাল নিউজনেক্সটের সম্পাদক নজরুল ইসলাম মিঠুকে বাধা দেওয়ার ঘটনাকে ‘হয়রানি’ বলছে ‘ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ’-ওকাব।

বিদেশি গণমাধ্যমে কাজ করা বাংলাদেশি সাংবাদিকদের এ সংগঠনটি মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

ওকাবের সভাপতির দায়িত্ব পালন করছেন সাংবাদিক মিঠু; সংগঠনটি বলছে, তার বিদেশযাত্রায় বাধার ঘটনা ‘অযাচিত ও অপ্রত্যাশিত’। সেইসঙ্গে এটি ‘ভ্রমণ বা চলাচলের মৌলিক স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন’।

বিবৃতিতে বলা হয়, “এ পরিস্থিতিতে নিন্দা জানাচ্ছে ওকাব। নিরাপত্তা ও ইমিগ্রেশন কর্মকর্তাদের তরফে ‘কোনো কারণ দেখানো ছাড়া’ এমন ভ্রমণ নিষেধাজ্ঞা অযাচিত, অপ্রত্যাশিত। এটি সাংবাদিকদের মনে ভয় ও শঙ্কা তৈরির একটি চেষ্টা।

ওকাব বিবৃতিতে আরও বলেছে, “দুঃখজনক বিষয় হচ্ছে, সংবাদমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখার অঙ্গীকার নিয়ে বাংলাদেশে ও সারা বিশ্বে যেদিন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হচ্ছিল, সেদিন এ ঘটনাটি ঘটেছে।”

চীনে যাওয়ার পথে রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় ওকাব সভাপতি মিঠুকে। জার্মান সংবাদসংস্থা ডিপিএ’র ঢাকা প্রতিনিধি মিঠু ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি।

‘একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে’ তাকে সেদিন ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন মিঠু। কী অভিযোগে বিদেশযাত্রায় বাধা দেওয়া হচ্ছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ সেটি পরিষ্কার করেনি বলেও দাবি করেন তিনি।

পুলিশের বিশেষ শাখার শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওই দিন বলেন, “তাদের (ইমিগ্রেশন কর্তৃপক্ষ) কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার (তরফে বলা হয়ে থাকে), দুদকও বলে থাকে। সে অনুযায়ী যাত্রীদের তথ্য আপলোড করা হয়।

“নজরুল ইসলামের ক্ষেত্রে একটি গোয়েন্দা সংস্থা বলার পর তাকে যেতে দেওয়া হয়নি।”

বিমানবন্দরে এ ঘটনার ব্যাখ্যা দ্রুত দেওয়ার পাশাপাশি সাংবাদিদের অধিকার ক্ষুণ্ন করে এমন পদক্ষেপ এবং নিবর্তনমূলক কর্মকাণ্ড বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওকাব।

আরও পড়ুন-

যাচ্ছিলেন চীনেবিমানবন্দরে বাধায় ফিরে গেলেন সাংবাদিক মিঠু