Published : 04 May 2026, 01:41 AM
চীনে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে অনলাইন নিউজ পোর্টাল নিউজনেক্সটের সম্পাদক নজরুল ইসলাম মিঠুকে।
রোববার ‘একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে’ তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন বিদেশি গণমাধ্যমে কাজ করা বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘ওভারসিস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ওকাব) এর সভাপতি মিঠু।
পুলিশের বিশেষ শাখার শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের (ইমিগ্রেশন কর্তৃপক্ষ) কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার (তরফে বলা হয়ে থাকে), দুদকও বলে থাকে। সে অনুযায়ী যাত্রীদের তথ্য আপলোড করা হয়।
“নজরুল ইসলামের ক্ষেত্রে একটি গোয়েন্দা সংস্থা বলার পর তাকে যেতে দেওয়া হয়নি।”
কোন গোয়েন্দা সংস্থার তথ্য এবং নজরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে কী অভিযোগ, সে ব্যাপারে বারবার প্রশ্ন করলেও পুলিশের সেই কর্মকর্তা বিস্তারিত তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন, যিনি নামও প্রকাশ করতে চাননি।
তিনি বলেন, “এটা জানতে চাইয়েন না।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মিঠু জার্মান নিউজ এজেন্সির বাংলাদেশ প্রতিনিধির দায়িত্বেও রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুপুর ২টার দিকে ফ্লাইট ছিল। বেলা ১২টার দিকে বিমানবন্দরে গেলে ভ্রমণে নিষেধ আছে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়ে দেয়।
তার দাবি, একটি গোয়েন্দা সংস্থার পরামর্শে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিদেশযাত্রা আটকানোর কথা বললেও কী অভিযোগ সেটি সুস্পষ্ট করে বলেনি।
বিষয়টি নিয়ে মিঠু সন্ধ্যার দিকে ফেইসবুকে দীর্ঘ পোস্ট করেন।
সেখানে তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং পাশ নেওয়ার জন্য লাইনে দাঁড়ানোর সময় এক কর্মকর্তা তাকে ডেকে নেন। পরে তাকে ইমিগ্রেশনে দায়িত্বে থাকা পুলিশ সুপারের কাছে নিয়ে যান। সেখানে তার পরিচয় নেওয়ার পর ওকাবের দায়িত্বে আছে কিনা এবং কোনো মামলা আছে কিনা জানতে চাওয়া হয়।
পরে ওকাবের দায়িত্বে থাকার কথা বলেন সাংবাদিক মিঠু। মামলার ব্যাপারে তিনি বলেন, তার জানামতে মামলা নেই।
মিঠু বলেন, সেখানে থাকা পুলিশ সুপার তাকে বলেছেন, পুলিশের কাছে কোনো অভিযোগ নেই। তবে একটি গোয়েন্দা সংস্থার আপত্তি রয়েছে।
পরে ইমিগ্রেশন থেকে পাসপোর্ট ফেরত পেয়ে লাগেজ নিয়ে তিনি ফিরে আসেন।