খালেদা জিয়ার জানাজা ও দাফনে সব ধরনের নিরাপত্তা দেবে সরকার
এদিন ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা এবং দাফন অনুষ্ঠানে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার বেলা ১২টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এদিন ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভেনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “এভার কেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা পর্যন্ত মরদেহবাহী গাড়ি এবং রাস্তার দুই পাশে নিরাপত্তা দিতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে।”
ঢাকা মহানগর পুলিশের প্রায় ১০ হাজার সদস্য ছাড়াও এপিবিএন থাকার কথা বলেছেন প্রেস সচিব।
কিছু কিছু জায়গায় সেনাবাহিনীও থাকবে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন তিনি।
“বিএনপি সাথে সমন্বয় করে সকল ধরণের সহযোগিতা করা হবে এবং সম্পূর্ণ রাষ্ট্রিয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন হবে।”
তবে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি কখন হাসপাতাল থেকে বের হয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসবে, তা পরে জানিয়ে দেওয়ার কথা বলেছেন শফিকুল আলম।
তিনি বলেন, “সাবেক এই প্রধানমন্ত্রীকে রাস্তার দুই পাশে অবস্থান করা জনগণ শ্রদ্ধা জানাতে পারবেন। তবে তার মরদেহের কাছে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারো যাওয়ার সুযোগ নেই। এ ক্ষেত্রে বিএনপি সিদ্ধান্ত নেবে কারা থাকবেন।”
জানাজায় প্রধান উপদেষ্টা ছাড়াও সকল উপদেষ্টা উপস্থিত থাকবেন, বলেন, প্রেস সচিব।
সংসদ ভবনেও খালেদা জিয়ার জন্য শোক বই খোলা হবে তুলে ধরে তিনি বলেন, জানাজা সকল সংবাদমাধ্যম প্রচারের সুযোগ পেলেও দাফনের ক্ষেত্রে সংরক্ষিত থাকবে। তবে বিটিভি সম্প্রচার করবে।
বৈঠকে খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে তিনি সরকারে এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন।
শামসুল ইসলাম বলেন, “সারাদেশ থেকে অগণিত সাধারণ মানুষ ছুটে আসবেন। তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাবেন।”
এ ব্যাপারে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্বে মন্ত্রণালয়ে এই সভায় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান, মোস্তফা সরয়ার ফারুকী, খলিলুর রহমান।
