২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নৌ অধিদপ্তরের সাবেক কর্মকর্তা ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকের মামলায় তাদের বিরুদ্ধে ২ কোটি ৬৪ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2024, 10:47 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

অবৈধভাবে সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় নৌ পরিবহন অধিদপ্তরের সাবেক চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার এস এম নাজমুল হক ও তার স্ত্রী সাহেলা নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের আবেদনে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানিকারী পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

নাজমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ১৩১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০২৩ সালের ৩০ জুলাই মামলা করেন দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম।

এজাহারে বলা হয়, নাজমুল হক চাকরিতে থাকা অবস্থায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে আয়ের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করার জন্য স্ত্রীর নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ দেখান। তিনি অবৈধ আয় হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে দণ্ডবিধির ১০৯ ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেন।