৪ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ: সাবেক এএসপি জিয়াউরের নামে মামলা করবে দুদক
জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার বিরুদ্ধেও অবৈধ সম্পদের অভিযোগে আলাদা অনুসন্ধান চালাচ্ছে দুদক।
‘জ্ঞাত আয়বহির্ভূত’ ৪ কোটি ২ লাখ ৭৪ হাজার ২৯৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমানের নামে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জনের পাশাপাশি সাবেক এই পুলিশ কর্মকর্তার ছয়টি ব্যাংক হিসাবে প্রায় ২০ কোটি ৭ লাখ টাকার ‘সন্দেহজনক লেনদেনের’ তথ্য পাওয়া গেছে।
জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার বিরুদ্ধেও অবৈধ সম্পদের অভিযোগে আলাদা অনুসন্ধান চালাচ্ছে দুদক।
রেলের ১৮ কর্মকর্তার নামে মামলা
৩৩ গুণ পর্যন্ত বেশি দামে ১৭ ধরনের পণ্য ক্রয় করে ‘সরকারি অর্থ আত্মসাতের’ অভিযোগে বাংলাদেশ রেলওয়ের সাবেক দুই মহাপরিচালকসহ মোট ১৮ জন সাবেক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়েরের কথাও ব্রিফিংয়ে জানান আক্তার হোসেন।
বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থার উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান মামলাটি দায়ের করেন।
মামলার আসামিদের বিরুদ্ধে ২ কোটি ১৮ লাখ ১৪ হাজার ১৯৬ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
মামলার আসামিরা হলেন—বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক খোন্দকার শহিদুল ইসলাম, সাবেক সিওসি (পশ্চিম) মো. খায়রুল আলম, সাবেক মহাব্যবস্থাপক (পশ্চিম) মো. মজিবুর রহমান, সাবেক সিওসি (পশ্চিম) মো. বেলাল হোসেন সরকার, সাবেক এসিওএস মো. জাহিদ কাওছার, সাবেক ডেপুটি সিসিএম (পশ্চিম) ফুয়াদ হোসেন আনন্দ, সাবেক ডিএফএ শ্যামলী রাণী রায়, সাবেক উচ্চমান সহকারী (বর্তমানে সিওসি-পূর্ব) মো. আলামিন তালুকদার, সাবেক ডিএফএ (অর্থ-পশ্চিম) মো. আলমগীর হোসেন, সাবেক সিওপিএস (পশ্চিম) এ. এম. এম. শাহনেওয়াজ, সাবেক এফএ অ্যান্ড সিএও (পশ্চিম) মো. শরিফুল ইসলাম, সাবেক ডেপুটি সিওপিএস (পশ্চিম) মোছা. হাসিনা খাতুন, সাবেক এফএ অ্যান্ড সিএও (পশ্চিম) মো. মসিহ উল হাসান, সাবেক এসিসিএম (পশ্চিম) শেখ আব্দুল জব্বার, সাবেক অতিরিক্ত এফএ অ্যান্ড সিএও (পশ্চিম) মো. গোলাম রব্বানী, গোলাম রহমান, সাবেক এফএ অ্যান্ড সিও (পশ্চিম) সরোজ কান্তি দেব এবং সাবেক সিসিএম (পশ্চিম) মিহির কান্তি গুহ।
এজাহারে বলা হয়েছে, আসামিরা ‘পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে’ দপ্তরের ১৭ প্রকার পণ্য কেনার ক্ষেত্রে প্রকৃত বাজারদর যাচাই না করে ‘৩৩ গুণ পর্যন্ত বেশি দর’ নির্ধারণ করেন। পরে মূল্যায়ন কমিটি, অনুমোদনকারী কর্মকর্তা ও ঠিকাদারের সহায়তায় তারা ২ কোটি ১৮ লাখ ১৪ হাজার ১৯৬ টাকা ‘আত্মসাৎ’ করেছেন বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
অনুদান ‘আত্মসাৎ’: দরগাহ শরীফের সেক্রেটারি ও সমাজসেবা কর্মকর্তার নামে মামলা
এতিমদের কল্যাণে প্রদত্ত ১ কোটি ১ লাখ ১৯ হাজার ৯১৭ টাকা আত্মসাতের অভিযোগে মাদারীপুরের হযরত শাহ মাদার দরগা শরীফ এতিমখানার সেক্রেটারি ও সুপার মোহাম্মদ আল আমিন এবং মাদারীপুর সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডের নামে মামলা করেছে দুদক।
দুদকের উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপু বাদী হয়ে সংস্থার সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুরে মামলাটি দায়ের করেন বলে জানান দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।
এজাহারে বলা হয়েছে, আসামিরা ‘কাগজ ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে’ এতিমখানায় প্রকৃত এতিমনিবাসীর সংখ্যা গোপন করে অতিরিক্ত ভর্তুকি দেখিয়ে চার বছরে প্রায় ৪৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেন। এছাড়া ইসলামী ব্যাংক, মাদারীপুর শাখায় এতিমদের নামে থাকা হিসাব থেকে জালিয়াতির মাধ্যমে ৪৭ লাখ টাকা এবং অনুদান হিসেবে পাওয়া ১০ লাখ ৯৯ হাজার ৯১৭ টাকা ‘আত্মসাৎ’ করেন—মোট ১ কোটি ১ লাখ ১৯ হাজার ৯১৭ টাকা।
গত ১৬ জুলাই ওই এতিমখানায় অভিযান চালায় দুদক। ওইদিন দুদকের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ২০১৯ সাল থেকে ৪০ জনের স্থলে ১৪৫ জন এতিম দেখিয়ে ২ কোটি ৮ লাখ টাকা উত্তোলন করা হয়েছে, কিন্তু এতিমখানার কোনো ‘দৃশ্যমান উন্নয়ন’ হয়নি।
