Published : 21 Apr 2026, 11:23 PM
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, মঙ্গলবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন মোট ১১ হাজার ৮৯ জন পরীক্ষার্থী। মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১১ হাজার ২১১ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষাতে ২ হাজার ৩০৭ জন অনুপস্থিত ছিলেন।
এদিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা।
প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীরা বাংলা প্রথম পত্র পরীক্ষা দেন। দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের শিক্ষার্থীরা দেন বাংলা-২ বিষয়ের পরীক্ষা।
এদিকে পরীক্ষা ব্যবস্থাপনায় ‘ব্যাপক কড়াকড়ি’ এবং সিসিটিভি নজরদারির মধ্যেই প্রথমদিনে সারাদেশে নকল এবং অসদুপায় অবলম্বন করায় ছয়জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের দুইজন এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের চারজন পরীক্ষার্থী রয়েছেন৷
এছাড়া যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারায় কারিগরি শিক্ষা বোর্ডের এক পরিদর্শকেও (শিক্ষক) বহিষ্কার করা হয়েছে।
আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ২ হাজার ৪৮১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই বোর্ডগুলোর অধীনে মোট পরীক্ষার্থী ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন। পরীক্ষায় অংশ নিচ্ছে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন।
এরমধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ২ লাখ ৯১ হাজার ৪৪৮ পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৭০২ জন অংশ নিয়েছে। অনুপস্থিত ছিল ২ হাজার ৭৪৬ জন। বহিষ্কৃত হয়েছে এক পরীক্ষার্থী।
এরপর রাজশাহী বোর্ডে ১ লাখ ৪৯ হাজার ৭৫৬ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৫৮ জন অনুপস্থিত ছিল। কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৮৮১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ হাজার ৪২৬ জন।
যশোর বোর্ডে ১ লাখ ১১ হাজার ৭৪১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৪৪১ জন। চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৬ হাজার ৮৭২ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৩ জন।
সিলেট বোর্ডে ৭০ হাজার ৩৮৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৬৭৪ জন। বরিশাল বোর্ডে ৬৫ হাজার ৪৪৫ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ৯১১ পরীক্ষার্থী।
এছাড়া দিনাজপুর বোর্ডে ১ লাখ ৪১ হাজার ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১ হাজার ১৭৮ জন। এ বোর্ডেও একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। ময়মনসিংহ বোর্ডে ৮০ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৭৫৩ জন।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৭৪১টি কেন্দ্রে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেছেন ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। অনুপস্থিত ১১ হাজার ২১১ জন পরীক্ষার্থী।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ বিষয়ের পরীক্ষায় মোট কেন্দ্র ছিল ৬৫৩টি। মোট ১ লাখ ১৯ হাজার ২৫০ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৩০৭ জন।