১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘ডাকাতির প্রস্তুতি’: দুই সেনা সদস্যসহ চারজন গ্রেপ্তার

“তাদের একজন কর্পোরাল, একজন সৈনিক। তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে,” বলেন ওসি।

‘ডাকাতির প্রস্তুতি’: দুই সেনা সদস্যসহ চারজন গ্রেপ্তার
প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2025, 11:54 PM

Updated : 26 Aug 2026, 11:38 AM

রাজধানীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুই সেনা সদস্যসহ চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে বনানী থানা পুলিশ।

মঙ্গলবার রাতে মগবাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান।

তিনি বলেন, “ওই চারজনের মধ্যে দুইজন সেনা সদস্য। তাদের একজন কর্পোরাল, একজন সৈনিক। তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য যে দুজন আছে, তাদের একজন গাড়ির ড্রাইভার এবং একজন পুলিশের সোর্স।

"মধ্যম সারির সোর্সটি তার আরেক সোর্সের সাথে ডাকাতি নিয়ে কথা বলার সময় স্থানীয় লোকদের সন্দেহ হয়। এরপর বনানী থানার টহল দল সেখানে গিয়ে জনগণের সহায়তায় তাদের গ্রেপ্তার করে।"

ওসি বলেন, ওই চারজনের সঙ্গে আরো কয়েকজন ছিল, তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে চলে গেছে।

তাদের কাছ থেকে বিভিন্ন পত্রিকার পরিচয়পত্র, মাইক্রোফোন, সেনাবাহিনীর পোশাক, জুতা উদ্ধার করার কথা জানিয়ে ওসি বলেন, "তাদের সাথে থাকা মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।"

দুই সেনা সদস্যের গ্রেপ্তার হওয়ার বিষয়ে প্রশ্ন করলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বলেন, "তাদের বিরুদ্ধে সেনা আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।"