২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ের কবলে ঢাকা; বিদ্যুতে বিঘ্ন, চলাচল ব্যাহত

ঝড়ে গাছ ভেঙে পড়েছে বিভিন্ন এলাকায়, অনেক সড়কে জমেছে পানি।

ঝড়ের কবলে ঢাকা; বিদ্যুতে বিঘ্ন, চলাচল ব্যাহত

ঢাকার অন্তত ১৪টি স্থানে সড়কে গাছ ভেঙে পড়েছে। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 10:48 PM

Updated : 24 Oct 2022, 11:05 PM

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে রাজধানীর সড়কে যান চলাচল যেমন ব্যাহত হচ্ছে, বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হচ্ছে। দিনভর বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি জমে মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে।

সিত্রাংয়ের প্রভাবে সোমবার সকালে থেকেই বৃষ্টি হচ্ছে ঢাকায়, ঝড়টি সন্ধ্যার পর বরিশাল দিয়ে উপকূল অতিক্রম শুরুর পর ঢাকায় বাতাসের তীব্রতাও বাড়ে।

পুরান ঢাকার বংশাল, মিরপুর সড়ক, বিমানবন্দর সড়কের বিভিন্ন জায়গায় পানি জমে যায় দুপুরেই; সেসব জায়গায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। গুলশান, মহাখালী, প্রগতি স্মরণী, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমণ্ডি, মোহাম্মদপুর, মিরপুরের বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হয়েছে।

Image

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার সকাল থেকেই ঢাকায় বৃষ্টির কারণে পুরান ঢাকার বংশালে রাস্তায় হাঁটু সমান পানি জমে

ঝড়ো বাতাসে রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৪টি স্থানে গাছ পড়ার কথা জানিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “আমরা তাৎক্ষণিকভাবে সরানোর চেষ্টা করছি।”

গণভবনের সামনে, কুর্মিটোলা, মার্কিন দূতাবাসের সামনে, মিরপুর, কারওয়ান বাজার, নীলক্ষেত, হাতিরঝিল এলাকায় গাছ উপড়ে সড়কে চলাচল বিঘ্নিত হচ্ছে। খবর পেয়ে সেসব জায়গার গাছ সরানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গেছেন।

গাছ পড়ে বিদ্যুৎহীন হয়ে পড়ায় মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, শ্যামপুর, উত্তরখানসহ নগরীর বিভিন্ন জায়গার মানুষ ভোগান্তিতে পড়েছেন।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, “৩৩ কেভির গ্রাহক যারা আছেন বিভিন্ন সিমেন্ট কারখানা ও স্টিল মিলস, তাদের ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে।

“গাছ পড়ে যাওয়ার কারণে রাজধানীর উলনে একটি গ্রিড বন্ধ করে দেওয়া হয়েছে। রামপুরা থেকে বিকল্প উপায়ে লাইন চালু রাখার চেষ্টা চলছে। বাসাবোতে গাছ পড়ার কারণে একটি ফিডার লাইন বন্ধ করে দেওয়া হয়েছে।”

তিনি জানান, খিলগাঁও, মোহাম্মদপুর, শ্যামপুরসহ বিভিন্ন জায়গায় গাছ পড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে।

“মাঠে আমাদের বিশেষ একটি দল কাজ করছে। আজকে এমনিতে তেমন লোড শেডিং ছিল না। ঘূর্ণিঝড় পরিস্থিতিতে সরবরাহ বিঘ্নিত হচ্ছে।”

Image

হাতিরঝিলে উপড়ে পড়েছে গাছ

ঢাকায় বিদ্যুৎ বিতরণকারী আরেক কোম্পানি ডেসকোর প্রধান প্রকৌশলী (নেটওয়ার্ক অপারেশন) মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাছের তার পড়ে, বাতাসের কারণে তার ছিড়ে পড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

“উত্তরখান, মিরপুরের বিভিন্ন এলাকায় এসব সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন জায়গায় বাতাসের কারণে শর্ট সার্কিটেরও খবর পাওয়া গেছে।”  

ঢাকা সিটি কর্পোরেশন এলাকাসহ সারা দেশে প্রায় ৩০টি স্থানে ঝড়ে ভেঙে পড়া গাছ অপসারণ করার কথা জানিয়ে ফায়ার সার্ভিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস উপকূলীয় এলাকার সকল ফায়ার স্টেশনকে স্ট্যান্ডবাই ডিউটি দেওয়া হয়েছে। উপপরিচালক (অপারেশন্স ও মেইনটেন্যান্স) কামাল উদ্দীন ভূঁইয়ার নেতৃত্বে কেন্দ্রীয়ভাবে খোলা হয়েছে ‘ঘূর্ণিঝড় সিত্রাং মনিটরিং সেল’।

ঘূর্ণিঝড় সংক্রান্ত সাহায্যের জন্য মনিটরিং সেলের নম্বরগুলোতে যেকোনো সময় ফোন করা যাবে। হটলাইন: ১৬১৬৩, টেলিফোন: ০২-২২৩৩৫৫৫৫৫, মোবাইল: ০১৭৩০-৩৩৬৬৯৯। এছাড়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষসহ সকল বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বরগুলোও সচল রয়েছে।